এপ্রিল ১৭, ২০২৬, ০১:০৫ এএম
দিনাজপুর সদর উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ২৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে দিনাজপুর জিলা স্কুল অডিটোরিয়ামে এই সভার আয়োজন করা হয়।
সদর উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের চেয়ারম্যান মুহাম্মদ খোরশীদুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিমিটেড (কাল্ব)-এর `ক` অঞ্চলের ডিরেক্টর মো. জিল্লুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সমবায়ীদের আর্থিক নিরাপত্তা ও পারস্পরিক সহযোগিতায় ক্রেডিট ইউনিয়নগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। শিক্ষক ও কর্মচারীদের কল্যাণে এই প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।
কাল্ব-এর সহযোগিতায় আয়োজিত এই সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার মো. হাফিজুর রহমান, দিনাজপুর ক্লাস্টার প্রতিনিধি পরিষদের চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন, বিরল কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের চেয়ারম্যান মো. একরাম হোসেন তালুকদার প্রমুখ।
সভার শুরুতে সংগঠনের বার্ষিক কার্যক্রমের প্রতিবেদন এবং ২০২৪-২৫ অর্থ বছরের আয়-ব্যয়ের বিস্তারিত হিসাব উপস্থাপন করেন ইউনিয়নের সেক্রেটারি মো. কামরুজ্জামান। সাধারণ সভায় সংগঠনের বিপুল সংখ্যক সদস্য অংশগ্রহণ করেন এবং প্রতিষ্ঠানের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন