এপ্রিল ১৮, ২০২৬, ১১:৫১ পিএম
দিনাজপুরের বীরগঞ্জে ট্রাকের ধাক্কায় রিপন কুমার সরকার (৩২) নামে বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাসের এক কর্মকর্তা নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় বীরগঞ্জ পৌর শহরের দিনাজপুর-পঞ্চগড় সড়কের জোৎন্সা ফিলিং স্টেশনের সামনে এই দুর্ঘটনা ঘটে।নিহত রিপন কুমার সরকার কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার কুমরিয়ারপাড়া গ্রামের শ্যামল চন্দ্র সরকারের ছেলে। তিনি কারিতাস বীরগঞ্জ শাখায় কর্মরত ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সন্ধ্যায় রিপন কুমার সরকার পৌর শহর থেকে বাইসাইকেল চালিয়ে তার অফিসের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে জোৎন্সা ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি ট্রাক তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি বাইসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হন এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ঘাতক ট্রাকটিকে আটকে সক্ষম হলেও এর চালক ও হেলপার কৌশলে পালিয়ে যায়। খবর পেয়ে বীরগঞ্জ ফায়ার সার্ভিস এবং পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজে অংশ নেন।
এ সময় সড়কের একপাশে যান চলাচল কিছুটা ধীর হয়ে পড়লেও পুলিশের হস্তক্ষেপে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে এবং দুর্ঘটনা কবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে। বর্তমানে সড়কের যান চলাচল স্বাভাবিক রয়েছে।
এই ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু করা হয়েছে বলে জানান তিনি।নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে এবং পরবর্তী পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। একজন প্রতিশ্রুতিশীল এনজিও কর্মকর্তার এমন অকাল মৃত্যুতে এলাকায় ও তাঁর কর্মস্থলে শোকের ছায়া নেমে এসেছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন