এপ্রিল ১৯, ২০২৬, ১২:০১ এএম
ঢাকা জিরো পয়েন্ট থেকে দিনাজপুর জিরো পয়েন্ট পর্যন্ত দৌড়ে আসা এবং যমুনা নদী সাঁতরিয়ে পার হওয়ার অনন্য কৃতিত্ব অর্জনকারী বিশিষ্ট অ্যাথলেট মো. সাখাওয়াত হোসেন সাকিবকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) রাতে দিনাজপুর শহরের ফ্রেন্ডস স্কয়ারে সামাজিক সংগঠন ‘বন্ধু আড্ডা’র উদ্যোগে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দিনাজপুর পৌরসভার ১নং ওয়ার্ডের রামনগর এলাকার বন্ধুদের নিয়ে গড়ে ওঠা এই সংগঠনটি সাকিবের অদম্য সাহস ও সাফল্যের স্বীকৃতি স্বরূপ তাঁর হাতে সম্মাননা ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা তুলে দেয়। অনুষ্ঠানে সাকিবের ক্রীড়া প্রতিভার প্রশংসা করে সংগঠনের পক্ষ থেকে তাঁকে নগদ ১০ হাজার টাকা অর্থ সহায়তা প্রদান করা হয়।
এছাড়া সাকিবের উচ্চশিক্ষার যাবতীয় খরচ বহনের ক্ষেত্রেও সার্বিক সহযোগিতার আশ্বাস দেয় বন্ধু আড্ডা।সাকিব এবার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শারীরিক শিক্ষা ও বিজ্ঞান বিভাগে অনার্স ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন।
সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহর সমাজসেবা অফিসার মো. মাইনুল ইসলাম। তিনি বলেন, সাকিবের এই অর্জন তরুণ প্রজন্মের জন্য বড় অনুপ্রেরণা। খেলাধুলার মাধ্যমে সমাজ থেকে মাদকের বিরুদ্ধে গণজোয়ার গড়ে তুলতে সাকিবদের মতো অ্যাথলেটদের সক্রিয় ভূমিকা রাখতে হবে। সাকিবের পড়াশোনা যেন অর্থের অভাবে থমকে না যায়, সেদিকে তাঁর মা-বাবার পাশাপাশি বন্ধু আড্ডার সদস্যরাও অবদান রাখবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
দিনাজপুর জেলা সমবায় অফিসার মো. আব্দুস সবুর অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। এ সময় সাকিবের পিতা জুয়েল ইসলাম ও মাতা সানোয়ারা সানু ছেলের সাফল্যে নিজেদের আবেগঘন অনুভূতি ব্যক্ত করেন। অনুষ্ঠানে সাকিবের পাশাপাশি দেশের সাধারণ মানুষকেও মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পল্লী বিদ্যুতের ডিজিএম মো. নিজামুল হক, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী হুমায়ুন কবীর, রুবেল, রফিকুল ইসলাম, মুন্না, এনামুল হক, আহাদ আলী, তারিক লিটন, খোরশেদ আলম ও তাজমিলুর রহমানসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ। এ ছাড়া সুদূর আমেরিকা থেকে অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য রাখেন মো. জাকির হোসেন হিরু এবং ঢাকা থেকে অবসরপ্রাপ্ত এএসপি সেলিম হোসেন। উপস্থিত সকলে সাকিবের উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং তাঁকে আগামীর লড়াইয়ে পাশে থাকার প্রতিশ্রুতি দেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন