এপ্রিল ১৯, ২০২৬, ১২:৪১ পিএম
দিনাজপুরের চিরিরবন্দরে অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙিনায় উচ্চমূল্য ও পুষ্টিসমৃদ্ধ সবজি চাষের লক্ষ্যে এক বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। SACP-RAINS প্রকল্পের আওতায় উপজেলার শত শত কৃষক-কৃষাণীর মাঝে বিনামূল্যে প্রদর্শনীর উপকরণ বিতরণ করা হয়েছে। এই কার্যক্রমের মাধ্যমে গ্রামীণ জনপদে পুষ্টির চাহিদা পূরণ এবং পারিবারিক আয় বৃদ্ধির নতুন সম্ভাবনা তৈরি হবে বলে আশা করা হচ্ছে।
রবিবার সকালে চিরিরবন্দর উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এই উপকরণ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয় SACP-RAINS প্রকল্প।
আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (IFAD) এবং গ্লোবাল এগ্রিকালচার অ্যান্ড ফুড সিকিউরিটি প্রোগ্রাম (GAFSP)-এর সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব মোঃ আখতারুজ্জামান মিয়া। তিনি নিজ হাতে উপকারভোগী কৃষক-কৃষাণীদের মাঝে পারিবারিক পুষ্টি বাগান স্থাপনের প্রয়োজনীয় বীজ ও সারসহ বিভিন্ন উপকরণ তুলে দেন।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জোহরা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে জানানো হয়, SACP-RAINS প্রকল্পের আওতায় চিরিরবন্দর উপজেলার ১২টি ইউনিয়নের প্রত্যেকটিতে ৬০টি করে মোট ৭২০টি প্রদর্শনী বাগান স্থাপন করা হবে। বিতরণকৃত উপকরণের মধ্যে ছিল ১২ ধরনের উন্নত জাতের সবজি বীজ, পানি দেওয়ার ঝাঝড়ি, প্রয়োজনীয় রাসায়নিক সার ও জৈব সার। এই সামগ্রিক সহযোগিতা কৃষকদের নিজ আঙিনায় নিরাপদ ও পুষ্টিসমৃদ্ধ সবজি উৎপাদনে সরাসরি সহায়তা করবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার সুমি আক্তার। এ সময় চিরিরবন্দর প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ, বিভিন্ন ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা এবং বিপুল সংখ্যক সুবিধাভোগী কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন। বক্তারা এই প্রকল্পের গুরুত্ব তুলে ধরে বলেন, বাড়ির পাশের অব্যবহৃত জমিতে বাগান করার মাধ্যমে গ্রামীণ পরিবারের নারীরাও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার সুযোগ পাবেন।
উল্লেখ্য, এই উদ্যোগের ফলে প্রতিটি কৃষক পরিবার তাদের নিজ আঙিনায় সারা বছর পুষ্টিসমৃদ্ধ সবজি ও ফল উৎপাদনে সক্ষম হবে। এর ফলে একদিকে যেমন পরিবারের পুষ্টির ঘাটতি পূরণ হবে, অন্যদিকে বাজারে সবজির ওপর নির্ভরশীলতা কমে পারিবারিক সাশ্রয় ঘটবে। টেকসই কৃষি ব্যবস্থার এই প্রসার দীর্ঘমেয়াদে গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করবে বলে মনে করছেন কৃষি সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। বিতরণ শেষে প্রধান অতিথি কৃষকদের এই সুযোগ কাজে লাগিয়ে বাড়ির আঙিনাকে সবুজ রাখার আহ্বান জানান।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন