এপ্রিল ১৯, ২০২৬, ০৩:৫৪ পিএম
দিনাজপুরের ঐতিহ্যবাহী সামাজিক ও ক্রীড়া প্রতিষ্ঠান দিনাজপুর ইনস্টিটিউটের ২০২৬-২০২৯ মেয়াদের ত্রি-বার্ষিক নির্বাচনের আনুষ্ঠানিক তফসিল ঘোষণা করা হয়েছে। রবিবার (১৯ এপ্রিল) দুপুরে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই নির্বাচনি সময়সূচি প্রকাশ করা হয়। নির্বাচন কমিশনের চেয়ারম্যান মো. নাজমুল হক এবং সদস্য অ্যাডভোকেট আবু রুশদ হাবীব ও মো. শফিকুল ইসলাম যৌথভাবে এই পূর্ণাঙ্গ তফসিল ঘোষণা করেন।
ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২০ এপ্রিল বিকাল ৪টায় খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। এরপর ২৩ এপ্রিল দুপুর সাড়ে ৩টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এই খসড়া তালিকার ওপর যেকোনো ধরনের আপত্তি দাখিল করা যাবে। প্রাপ্ত আপত্তিগুলো ২৪ এপ্রিল বিকেল সাড়ে ৩টা থেকে ৫টার মধ্যে নিষ্পত্তি করবে কমিশন।
পরবর্তীতে ২৫ এপ্রিল বিকাল ৪টায় দিনাজপুর ইনস্টিটিউটের নোটিশ বোর্ডে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।মনোনয়নপত্র সংক্রান্ত কার্যক্রমে জানা গেছে, আগ্রহী প্রার্থীরা আগামী ২৭ এপ্রিল দুপুর সাড়ে ১২টা থেকে বিকাল ৪টার মধ্যে মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন।
এরপর ৩০ এপ্রিল সাড়ে ৩টা থেকে বিকাল ৫টার মধ্যে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দিতে পারবেন। ২ মে দুপুর সাড়ে ৩টা হতে বিকাল ৫টা পর্যন্ত মনোনয়নপত্রগুলো যাচাই-বাছাই করা হবে এবং ৩ মে বিকাল ৪টায় বৈধ প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। কোনো প্রার্থী চাইলে ৫ মে দুপুর সাড়ে ৩টা থেকে ৫টার মধ্যে তার মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন। সবশেষে ৭ মে বিকাল ৪টায় প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করবে কমিশন।নির্বাচন কমিশনের চেয়ারম্যান মো. নাজমুল হক জানান, আগামী ২৩ মে বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
ভোটগ্রহণ শেষে ওই দিনই নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে। তিনি আরও উল্লেখ করেন যে, এবারের নির্বাচনে প্রতিটি পদের জন্য মনোনয়নপত্রের মূল্য ১ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে, যা নির্বাচন কমিশনারের কার্যালয় থেকে সংগ্রহ করা যাবে। এছাড়া ভোটার তালিকার কপি ২০০ টাকার বিনিময়ে প্রার্থীরা সংগ্রহ করতে পারবেন। নির্বাচন সংক্রান্ত যেকোনো তথ্য প্রতিদিন অফিস চলাকালীন সময়ে দিনাজপুর ইনস্টিটিউটের নির্বাচন অফিস থেকে সংগ্রহ করা যাবে বলে তিনি নিশ্চিত করেছেন।
ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানের নির্বাচনকে কেন্দ্র করে দিনাজপুরের সামাজিক ও ক্রীড়া অঙ্গনে এখন ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। প্রার্থীরা ইতিমধ্যেই ঘরোয়াভাবে তাদের প্রচারণা শুরু করেছেন। এবারের নির্বাচন অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতামূলক এবং সুষ্ঠুভাবে সম্পন্ন হবে বলে সাধারণ সদস্যরা আশা প্রকাশ করছেন। প্রতিষ্ঠানের উন্নয়ন ও ঐতিহ্য রক্ষায় যোগ্য নেতৃত্ব বেছে নিতে ভোটাররা এখন সঠিক প্রার্থীর অপেক্ষায় রয়েছেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন