এপ্রিল ২৬, ২০২৬, ০৪:০১ পিএম
দিনাজপুরে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ এবং নির্যাতনের ঘটনাসমূহ ধারাবাহিকভাবে প্রচারণার লক্ষ্য নিয়ে সাংবাদিকদের সাথে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২৬ এপ্রিল রোববার সকালে দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে বেসরকারি উন্নয়ন সংস্থা পল্লীশ্রী এই সভার আয়োজন করে। মানুষের জন্য ফাউন্ডেশন-এর সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানে কমিউনিটি সম্পৃক্ত বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
পল্লীশ্রী’র জেন্ডার জাস্টিস ম্যানেজার শামসুন নাহারের সভাপতিত্বে সভায় প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরেন সমন্বয়কারী রওনক আরা হক নীপা। তিনি জানান, তাদের প্রকল্পের আওতায় এখন পর্যন্ত নির্যাতনের শিকার মোট ৯৭ জন নারীর তথ্য পাওয়া গেছে। এর মধ্যে পারিবারিক নির্যাতনের ঘটনা ৩৩টি এবং শারীরিক নির্যাতনের ঘটনা ২৯টি। কাউন্সিলিংয়ের মাধ্যমে ইতোমধ্যে ২৮টি ঘটনার সমাধান করা হয়েছে। এছাড়া বর্তমানে ৪টি লিগ্যাল এইড কেস এবং ১টি সিভিল কোর্টে মামলা চলমান রয়েছে। যৌতুকের কারণে নির্যাতনের শিকার হয়েছেন ১৫ জন নারী। তিনি আরও জানান, নারীদের স্বাবলম্বী করতে এ পর্যন্ত ১১৫ জন নারী উদ্যোক্তা তৈরি করা হয়েছে।
অনুষ্ঠানে সঞ্চালকের বক্তব্যে পল্লীশ্রী’র এইচআর ইনচার্জ শামীমা বেগম পপি দেশের বিদ্যমান আইন ও এর সঠিক প্রয়োগ নিয়ে কথা বলেন। তিনি উল্লেখ করেন, দেশে আইন থাকলেও সঠিক ব্যবহারের অভাবে অনেক সময় নির্যাতিত নারীরা বিচার থেকে বঞ্চিত হন। এক্ষেত্রে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তিনি মনে করেন। সংবাদমাধ্যমে নিয়মিত প্রচারণার ফলে নির্যাতিত ব্যক্তিদের জন্য আইনি সুশাসন প্রতিষ্ঠা করা সহজ হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সভাপতির বক্তব্যে শামসুন নাহার নারীদের আত্মবিশ্বাসী হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, নারীরা কখনো অসহায় নয়, তাদের নিজেদের অধিকার আদায়ে প্রতিবাদী হতে হবে। পল্লীশ্রী এ পর্যন্ত প্রায় সাড়ে তিন হাজার নারী উদ্যোক্তা সৃষ্টি করেছে, যা তাদের অর্থনৈতিক মুক্তি অর্জনে বড় ভূমিকা রাখছে। মতবিনিময় সভায় নির্যাতিত নারীদের পক্ষ থেকে দীপা রায়, হাসিনা বানু এবং শাহানাজ পারভীন আখিসহ আরও কয়েকজন তাদের অভিজ্ঞতা ও সংগ্রামের কথা তুলে ধরেন।
সভায় সাংবাদিকদের পক্ষে আলোচনায় অংশ নেন দিনাজপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক রতন সিং, মোর্শেদুর রহমান, আবুল কাশেম, বিপুল সরকার সানি এবং আজহারুল আজাদ জুয়েলসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা। বক্তারা নারীর প্রতি সহিংসতা রোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপর জোর দেন এবং এই লড়াইয়ে গণমাধ্যমের পক্ষ থেকে সব ধরণের সহযোগিতার আশ্বাস প্রদান করেন। অনুষ্ঠানটি সব মিলিয়ে স্থানীয় সাংবাদিক ও উন্নয়ন কর্মীদের মধ্যে একটি মেলবন্ধন তৈরি করেছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন