এপ্রিল ২৮, ২০২৬, ০১:০০ পিএম
দিনাজপুরে ঝরে পড়া শিক্ষার্থীদের দক্ষ জনশক্তিতে রূপান্তর এবং শিল্প প্রতিষ্ঠানের সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানের কার্যকর সেতুবন্ধন গড়ে তোলার লক্ষ্যে এক নিয়োগকর্তা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে দিনাজপুর ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি বা ডিআইএসটি’র আয়োজনে প্রতিষ্ঠানের নিজস্ব সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। কারিগরি শিক্ষার প্রসারের মাধ্যমে স্থানীয় পর্যায়ের কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যেই এই বিশেষ আলোচনার আয়োজন করা হয়।
অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সার্বিক সহায়তায় এবং সিসিপ ও বাইওয়া’র যৌথ বাস্তবায়নে আয়োজিত এই সভায় স্থানীয় শিল্প উদ্যোক্তা, শিক্ষক ও ব্যবসায়ীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন এলজিইডি দিনাজপুরের নির্বাহী প্রকৌশলী মো. মাসুদুর রহমান। তিনি তার বক্তব্যে বর্তমান শ্রমবাজারে কারিগরি শিক্ষার গুরুত্ব তুলে ধরেন এবং শিক্ষিত জনবলকে দক্ষ জনশক্তিতে রূপান্তরের আহ্বান জানান।
ডিআইএসটি’র প্রতিষ্ঠাতা সভাপতি মাহমুদুর রশীদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিসিপ ও বাইওয়া প্রকল্পের চিফ কো-অর্ডিনেটর ইঞ্জিনিয়ার মো. আইয়ুব আলী সরকার এবং দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি। বক্তারা বলেন, আধুনিক প্রশিক্ষণের মাধ্যমে ঝরে পড়া শিক্ষার্থীদের যদি দক্ষ হিসেবে গড়ে তোলা যায়, তবে তা দেশের বেকারত্ব কমাতে এবং অর্থনীতিকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে স্থানীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য প্রয়োজনীয় দক্ষ কর্মী তৈরিতে এ ধরনের প্রকল্প ইতিবাচক প্রভাব ফেলবে।
পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডিআইএসটি’র প্রজেক্ট ইনচার্জ মো. মামুনুর ফেরদৌস। সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সিসিপ ও বাইওয়া প্রকল্পের কো-অর্ডিনেটর (টিএএম) মোহাম্মদ এনামুল হক খান। প্রকল্পের বিস্তারিত কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে প্রজেক্টরের মাধ্যমে একটি তথ্যচিত্র উপস্থাপন করেন কো-অর্ডিনেটর (জেপিডি) মো. মহসীন আলী।
সভায় উপস্থিত শিল্প উদ্যোক্তারা শিক্ষা প্রতিষ্ঠানের সাথে নিয়মিত যোগাযোগের মাধ্যমে চাহিদানুযায়ী দক্ষ কর্মী গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তারা মনে করেন, যথাযথ প্রশিক্ষণ পেলে স্থানীয় তরুণেরা দেশীয় শিল্পের পাশাপাশি বিদেশের বাজারেও ভালো অবস্থান তৈরি করতে পারবে। অনুষ্ঠান শেষে কারিগরি শিক্ষার মানোন্নয়নে স্থানীয় শিল্প মালিকদের আরও সম্পৃক্ত হওয়ার অঙ্গীকার নিয়ে সভাটি সমাপ্ত হয়।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন