মে ২, ২০২৬, ০৬:৩২ পিএম
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৬ নম্বর নিজপাড়া ইউনিয়নের কল্যাণী গ্রামে এক বৃদ্ধ দম্পতি দীর্ঘদিন ধরে অসুস্থতায় মানবেতর জীবনযাপন করছেন। ৮০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. মমিন (৭০) ও তাঁর স্ত্রী মোছা. হাসনা বানু (৬২) বর্তমানে চরম অর্থকষ্টে দিন পার করছেন।পারিবারিক সূত্রে জানা গেছে, গত পাঁচ-ছয় মাস ধরে মো. মমিন উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, কিডনি সমস্যা ও হৃদরোগসহ নানা জটিলতায় ভুগছেন।
অসুস্থতা বেড়ে যাওয়ায় একাধিকবার বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে তাঁকে। বর্তমানে তিনি শারীরিকভাবে অত্যন্ত দুর্বল হয়ে পড়েছেন।
অন্যদিকে মমিনের স্ত্রী হাসনা বানুও শারীরিকভাবে অসুস্থ। তিনি চোখে ঝাপসা দেখেন এবং ঠিকমতো চলাফেরা করতে পারেন না। তবুও এই অবস্থাতেই তিনি অসুস্থ স্বামীর সেবাযত্ন করে যাচ্ছেন। এই দম্পতির উপার্জনের কোনো উৎস না থাকায় পরিবারের দৈনন্দিন ব্যয় ও চিকিৎসা খরচ মেটানো প্রায় অসম্ভব হয়ে পড়েছে।
জানা গেছে, তাঁদের দুই মেয়ে বিবাহিত এবং তাঁরা নিজ নিজ সংসারে ব্যস্ত। মেয়েদের পরিবারও আর্থিকভাবে স্বচ্ছল না হওয়ায় তাঁরা বৃদ্ধ বাবা-মায়ের পাশে দাঁড়াতে পারছেন না। এমন অসহায় পরিস্থিতিতে গত ১ মে শুক্রবার দুপুরে মানবিক সহায়তা নিয়ে এগিয়ে আসেন নিজপাড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হুমায়ুন আহমেদ ইফতি।ছাত্রদল নেতা ইফতি অসুস্থ মমিনের জন্য বসে প্রস্রাব-পায়খানা করার উপযোগী একটি বিশেষ চেয়ার এবং চিকিৎসা সহায়তার জন্য নগদ অর্থ প্রদান করেন।
সহায়তা প্রদানকালে তিনি বলেন, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো সামাজিক দায়িত্বের অংশ। মমিন ও হাসনা বানুর কষ্ট দেখে তিনি নিজ সামর্থ্য অনুযায়ী পাশে দাঁড়িয়েছেন। এ সময় তিনি সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসার আহ্বান জানান।স্থানীয় বাসিন্দা মাসুদ জানান, পরিবারটি দীর্ঘদিন ধরে অনেক কষ্টে আছে। চিকিৎসা করানোর মতো টাকা তাঁদের কাছে ছিল না। এই সহায়তা তাঁদের সাময়িক উপকারে আসবে। মমিন ও হাসনা বানুর মতো অসহায় মানুষদের জন্য স্থায়ী আশ্রয় ও সুচিকিৎসা নিশ্চিত করতে স্থানীয় সচেতন মহল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন