মে ২, ২০২৬, ১০:৩৮ পিএম
দিনাজপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এমপি। শনিবার (২ মে) বিকেলে দিনাজপুর স্টেডিয়ামে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই প্রতিযোগিতার শুভ উদ্বোধন করা হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেট জেলা স্টেডিয়ামে সারা দেশব্যাপী ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করার পর দিনাজপুরে এই আঞ্চলিক আসরের কার্যক্রম শুরু হয়।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডা. জাহিদ হোসেন সরকারের এই ক্রীড়া প্রতিভা অন্বেষণ কর্মসূচির গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ আক্তারুজ্জামান মিয়া এমপি, দিনাজপুর সদর আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম এবং দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মো. মনজুরুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন দিনাজপুর-২ আসনের সংসদ সদস্য সাদিক রিয়াজ চৌধুরী পিনাক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রিয়াজ উদ্দিন এবং পুলিশ সুপার জেদান আল মুসা।দিনাজপুর জেলা ক্রীড়া অফিসার মো. আসাদুজ্জামানের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে অতিথিবৃন্দ ফেস্টুন ও বেলুন উড়িয়ে এই প্রতিযোগিতার যাত্রা শুরু করেন।
জেলা ক্রীড়া অফিসার মো. আসাদুজ্জামান জানান, নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এর দিনাজপুর আসরে মোট ১৫টি ভিন্ন ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এই আসরে খেলোয়াড়, কোচ ও ম্যানেজারসহ সর্বমোট ১৭০ জন প্রতিনিধি অংশগ্রহণ করছেন। তৃণমূল পর্যায় থেকে আগামীর তারকা খেলোয়াড় খুঁজে বের করাই এই আয়োজনের মূল লক্ষ্য।বিপুল সংখ্যক দর্শক ও ক্রীড়ানুরাগীদের উপস্থিতিতে স্টেডিয়াম প্রাঙ্গণ ছিল উৎসবমুখর। উদ্বোধনী অনুষ্ঠানের পর বিভিন্ন ইভেন্টের খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন প্রধান অতিথি ও অন্যান্য আমন্ত্রিত ব্যক্তিবর্গ।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন