শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬,

বীরগঞ্জে নদী ভাঙন এলাকা পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম

মোঃ আরিফ ইসলাম

মে ৪, ২০২৬, ০১:৫৮ পিএম

বীরগঞ্জে নদী ভাঙন এলাকা পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম

ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরের বীরগঞ্জে নদী ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. মনজুরুল ইসলাম। সোমবার (৪ মে) দুপুর সাড়ে ১২টায় তিনি বীরগঞ্জ উপজেলা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের মাকারই শালবাগানপাড়া এলাকায় গিয়ে ভাঙন পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনকালে সংসদ সদস্য ক্ষতিগ্রস্ত এলাকার সার্বিক অবস্থা ঘুরে দেখেন এবং ভাঙনের শিকার স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। তিনি ভুক্তভোগী মানুষের দুঃখ-দুর্দশা ও সমস্যার কথা মনোযোগ সহকারে শোনেন। এ সময় তিনি আশ্বস্ত করে বলেন, নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার সব সময় রয়েছে এবং দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে ভাঙন রোধে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

সংসদ সদস্য আরও জানান, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ইতিমধ্যে বিষয়টি অবহিত করা হয়েছে। জরুরি ভিত্তিতে নদী শাসন ও প্রতিরোধমূলক কাজ শুরু করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন। এর ফলে ক্ষয়ক্ষতি কমিয়ে আনা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এ সময় সংসদ সদস্যের সঙ্গে উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমা খাতুন, দিনাজপুর জেলা প্রবাসী ও কল্যাণ বিষয়ক সম্পাদক এবং বীরগঞ্জ পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আমিরুল বাহার। এ ছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল জব্বার, উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক শাহাজাহান সিরাজ শিপনসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের স্থানীয় নেতা-কর্মীরা।

পরিদর্শনকালে স্থানীয় বাসিন্দারা দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানান। ভাঙন রোধে সরকারের পক্ষ থেকে দ্রুত ও স্থায়ী সহযোগিতা কামনা করেছেন মাকারই শালবাগানপাড়া এলাকার সাধারণ মানুষ।