রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী

মোঃ আব্দুর রাজ্জাক

মে ৫, ২০২৬, ০৯:১১ পিএম

দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী

ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুর সদর উপজেলা পর্যায়ের প্রাথমিক বিদ্যালয় বালক ও বালিকা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর চূড়ান্ত খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। এতে বালিকা বিভাগে দক্ষিণ দাইনুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বালক বিভাগে নুনাইচ কাকিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। আগামী ১৬ মে থেকে শুরু হবে জেলা পর্যায়ের খেলা।

মঙ্গলবার (৫ মে) বিকেলে শহরের উপশহর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস এই টুর্নামেন্টের আয়োজন করে।

বালিকা বিভাগের ফাইনালে কমলপুর ইউনিয়নের দক্ষিণ দাইনুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মুখোমুখি হয় আস্করপুর ইউনিয়নের গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। নির্ধারিত সময়ে ম্যাচটি গোলশূন্য থাকায় খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানে ২-১ গোলে জিতে প্রথমবারের মতো উপজেলা চ্যাম্পিয়ন হয় দক্ষিণ দাইনুর। 

বালিকা বিভাগে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন চ্যাম্পিয়ন দলের অপু রাণী এবং সর্বোচ্চ গোলদাতা হন প্রিয়া রাণী।অন্যদিকে বালক বিভাগের ফাইনালে উথরাইল ইউনিয়নের নুনাইচ কাকিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং চেহেলগাজী ইউনিয়নের চাঁদগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র করে। পরে টাইব্রেকারে চাঁদগঞ্জকে ৩-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় নুনাইচ কাকিলা। বালক বিভাগে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন চাঁদগঞ্জের সিফাত হোসেন এবং সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন নুনাইচ কাকিলার মাহমুদুল।

খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সদর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার সানজিদা শারমিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার তমালিকা পাল, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এ এম শাহজাহান সিদ্দিক ও সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আবুল কালাম আজাদ। পরে অতিথিরা চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড় এবং শিক্ষকদের হাতে ট্রফি ও মেডেল তুলে দেন।

অনুষ্ঠানে সদর উপজেলার ১০টি ইউনিয়নের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ক্রীড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন। পুরো টুর্নামেন্টে রেফারির দায়িত্ব পালন করেন ওবায়দুর রহমান, সুজিত রায়, মোশারফ হোসেন ও হুমায়ুন কবির রিপন।