মে ৬, ২০২৬, ০২:৫৫ পিএম
“যাদের কিছু নেই-যাদের কেউ নেই-তাদের সাথে আমরা” এই স্লোগান সামনে রেখে দিনাজপুরে খানপুর জনসংগঠনের ঘোষণা ও সমঝোতা স্মারক চুক্তি সই হয়েছে। বুধবার (৬ মে) সদর উপজেলার ৯নং আস্করপুর ইউনিয়নের খানপুর দুর্গাতলী মাঠ প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
খানপুর জনসংগঠনের আয়োজনে এবং কমিউনিটি ডেভেলপমেন্ট এসোসিয়েশন (সিডিএ)-র সহযোগিতায় এই সমঝোতা স্মারক চুক্তি সম্পন্ন হয়। চুক্তি সই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খানপুর জনসংগঠনের সভা প্রধান মো. শাহাজাহান আলী।
অনুষ্ঠানে জানানো হয়, খানপুর গ্রামের দরিদ্র ও অসহায় নারী-পুরুষরা একত্রিত হয়ে দারিদ্র্য বিমোচন, দরিদ্র মানুষের ক্ষমতায়ন, পরিবেশ উন্নয়ন, সুশাসন ও ন্যায়বিচার নিশ্চিত করার লক্ষ্যে এই চুক্তি সই করেছেন। এখন থেকে এই জনসংগঠন তাদের গ্রাম উন্নয়নে স্বাধীনভাবে সিদ্ধান্ত গ্রহণ করবে এবং ইউনিয়ন পরিষদ তাদের প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা প্রদান করবে।
ইউনিয়ন পরিষদের পক্ষে সমঝোতা স্মারক পত্রে স্বাক্ষর করেন ইউপি সদস্য রুমানা আক্তার। জনসংগঠনের পক্ষে সাধারণ সম্পাদক মামুন সিং স্বাক্ষর করেন।চুক্তি সই অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন দিনাজপুর জেলা ভূমিহীন সমন্বয় পরিষদের সভা প্রধান মো. লুৎফর রহমান ও নির্বাহী সদস্য মো. এনামুল হক। অনুষ্ঠানে বক্তারা বলেন, দারিদ্র্য দূরীকরণে কৃষি খাস জমি ভূমিহীন ও প্রান্তিক কৃষকদের বন্দোবস্ত দিতে হবে। বর্তমানে খাস জমি বন্টন নিয়ে আমলাতান্ত্রিক জটিলতা এবং ভূমিদস্যুদের দখলের বিষয়ে তারা উদ্বেগ প্রকাশ করেন। একইসঙ্গে ভূমি ব্যবহারের প্রচলিত আইন সংস্কারের দাবিও জানানো হয়।
সিডিএ-র আঞ্চলিক সমন্বয়কারী মো. মনা বাবুর সূচনা বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া এই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংগঠনের সহ-সভা প্রধান রিপা রানী। এ সময় সিডিএ-র চুনিয়াপাড়া অফিসের হিসাব রক্ষক শান্তনা রানী উপস্থিত ছিলেন। মাঠ সহায়ক মো. আহসান হাবিবের সঞ্চালনায় অনুষ্ঠানে এলাকার বিপুল সংখ্যক সাধারণ সদস্য অংশগ্রহণ করেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন