মে ৬, ২০২৬, ১০:৩৯ পিএম
দিনাজপুরের চিরিরবন্দরে `কৃষিই সমৃদ্ধি` প্রতিপাদ্যকে সামনে রেখে কৃষকদের পার্টনার কংগ্রেস সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে চিরিরবন্দর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই সভার আয়োজন করা হয়।চিরিরবন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেহা তুজ জোহরার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব মোঃ আখতারুজ্জামান মিয়া এমপি।
বরেণ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আফজাল হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন চিরিরবন্দর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জোহরা সুলতানা।
প্রধান অতিথির বক্তব্যে হুইপ আখতারুজ্জামান মিয়া বলেন, দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে কৃষিখাতকে অবশ্যই আধুনিক ও প্রযুক্তিনির্ভর করতে হবে। কৃষকদের প্রশিক্ষণ, উন্নত বীজ এবং সঠিক পরিচর্যার মাধ্যমেই উৎপাদন বৃদ্ধি করা সম্ভব।
তিনি কৃষকদের উদ্দেশ্যে আধুনিক পদ্ধতিতে চাষাবাদ, মাটির গুণাগুণ রক্ষা, সঠিক সার প্রয়োগ এবং কীটনাশকের নিরাপদ ব্যবহার বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।সভায় বক্তারা উল্লেখ করেন, বাংলাদেশের কৃষিপণ্য বিদেশে রপ্তানির ব্যাপক সম্ভাবনা রয়েছে। এ ক্ষেত্রে মানসম্পন্ন উৎপাদন, সংরক্ষণ ও বাজারজাতকরণ ব্যবস্থার উন্নয়ন জরুরি। কৃষকদের কেবল চাষি নয়, বরং উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে সরকার ও সংশ্লিষ্ট দপ্তরগুলো বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। কৃষি খাতে টেকসই উন্নয়ন, পুষ্টি নিরাপত্তা এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে `পার্টনার` প্রকল্পের বিভিন্ন কার্যক্রম সভায় তুলে ধরা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর অঞ্চলের পার্টনার প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার সঞ্জয় দেবনাথ। এ ছাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহানা আফরোজ, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা রায়হান আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল ইসলাম এবং উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুমব আকতার উপস্থিত ছিলেন।
অন্যান্যের মধ্যে চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আহসান হাবীব, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোমিনুল ইসলাম, মেজবাউল ইসলাম, আব্দুল মতিন সরকার, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সভায় অংশগ্রহণ করেন। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এই আয়োজন কৃষকদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে এবং আধুনিক কৃষি ব্যবস্থার প্রসারে ভূমিকা রাখবে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন