মে ১০, ২০২৬, ০২:৩৭ পিএম
দিনাজপুর শহরের সুইহারী মোড় থেকে লেবুর মোড় পর্যন্ত প্রধান ড্রেনের দীর্ঘদিনের বেহাল অবস্থা, অসহনীয় জলাবদ্ধতা ও চরম জনদুর্ভোগের প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। দ্রুত ড্রেন সংস্কার, জমে থাকা ময়লা অপসারণ ও কার্যকর পানি নিষ্কাশন ব্যবস্থার দাবিতে আজ রবিবার (১০ মে) সকাল ১১টায় দিনাজপুর প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে স্থানীয় ব্যবসায়ী, শিক্ষার্থী, রিকশা ও অটোরিকশা চালকসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় দুই শতাধিক মানুষ অংশ নেন। এ সময় অংশগ্রহণকারীদের হাতে থাকা ব্যানার ও প্ল্যাকার্ডে—“ড্রেন নয়, এটি এখন ময়লার ভাগাড়”, “গন্ধে বাঁচি না, পৌরসভা জবাব দাও”, “ডেঙ্গুর কারখানা বন্ধ করো” ও “অবিলম্বে ড্রেন সংস্কার চাই”—এমন নানা শ্লোগান দেখা যায়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সুইহারী মোড় থেকে লেবুর মোড় পর্যন্ত গুরুত্বপূর্ণ এই সড়কের পাশের ড্রেনটি দীর্ঘদিন ধরে সংস্কার না করায় ময়লা-আবর্জনায় ভরাট হয়ে গেছে। ফলে পানি চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে।
সামান্য বৃষ্টি হলেই ড্রেনের নোংরা পানি উপচে রাস্তায় উঠে আসে এবং দীর্ঘস্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি করে। এতে সাধারণ মানুষের চলাচল ব্যাহত হচ্ছে এবং সড়কের দুপাশের ব্যবসা-বাণিজ্য চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।এলাকাবাসীর দাবি, জলাবদ্ধতার কারণে নোংরা পানি অনেক সময় বসতবাড়িতে ঢুকে পড়ছে এবং এলাকার মসজিদগুলোতে যাতায়াতে মুসল্লিদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এছাড়া কর্দমাক্ত রাস্তার নিচে থাকা গর্ত দেখতে না পেয়ে প্রায়ই রিকশা ও অটোরিকশা দুর্ঘটনার শিকার হচ্ছে। বিশেষ করে শিশু ও বয়স্কদের জন্য এই সড়কটি এখন মরণফাঁদে পরিণত হয়েছে।
স্বাস্থ্যঝুঁকির বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বক্তারা বলেন, ড্রেনে জমে থাকা অপরিষ্কার পানি এখন এডিস মশার অভয়ারণ্যে পরিণত হয়েছে। এলাকায় ডেঙ্গুর প্রকোপ বাড়ার পাশাপাশি গত এক মাসে আশপাশের বাসিন্দাদের মধ্যে ডায়রিয়া ও চর্মরোগের প্রকোপ আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। দ্রুত ব্যবস্থা না নিলে জনস্বাস্থ্য চরম হুমকির মুখে পড়বে বলে তাঁরা আশঙ্কা প্রকাশ করেন।
মানববন্ধন শেষে ভুক্তভোগী এলাকাবাসীর একটি প্রতিনিধি দল জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে একটি স্মারকলিপি প্রদান করেন। তাঁরা জানান, সুইহারী মোড়-লেবুর মোড় সড়কটি শহরের অন্যতম ব্যস্ততম রুট হওয়া সত্ত্বেও ড্রেনেজ ব্যবস্থার এমন নাজুক দশা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। জনস্বার্থে অবিলম্বে এই ড্রেন পরিষ্কার ও স্থায়ী সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন