শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬,

বীরগঞ্জে পানি উন্নয়ন বোর্ডের দক্ষতা উন্নয়ন কর্মসূচি অনুষ্ঠিত

মোঃ আরিফ ইসলাম

মে ১৯, ২০২৬, ০৫:১১ পিএম

বীরগঞ্জে পানি উন্নয়ন বোর্ডের দক্ষতা উন্নয়ন কর্মসূচি অনুষ্ঠিত

ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরে পানি উন্নয়ন বোর্ডের সেচ প্রকল্পের সেচ ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও টেকসই করতে পানি ব্যবস্থাপনা সংগঠনের সদস্যদের অংশগ্রহণে একদিনব্যাপী দক্ষতা উন্নয়ন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার ১৯ মে ২০২৬ তারিখে দিনাজপুর পানি উন্নয়ন বোর্ডের বৈদ্যুতিক ব্লক-৫ ও বৈদ্যুতিক ব্লক-৬ সেচ প্রকল্প এলাকায় এই কর্মসূচির আয়োজন করা হয়। 

ঠাকুরগাঁওয়ের বাপাউবো উপপ্রধান সম্প্রসারণ অফিসারের দপ্তরের আয়োজনে অনুষ্ঠিত এই কার্যক্রমে স্থানীয় কৃষকরা অংশ নেন।দক্ষতা বৃদ্ধির এই উদ্যোগটি স্থানীয় কৃষি উন্নয়ন ও টেকসই পানি ব্যবস্থাপনার পথে একটি কার্যকর পদক্ষেপ।

কর্মসূচিতে সভাপতিত্ব করেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের উপপ্রধান সম্প্রসারণ অফিসার ও কোর্স কোঅর্ডিনেটর মো. রফিউল বারি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাপাউবো রংপুর অঞ্চলের মুখ্য সম্প্রসারণ কর্মকর্তা অমলেশ চন্দ্র রায়। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর পানি উন্নয়ন বিভাগের বিভাগীয় প্রকৌশলী সিদ্দিকুরজামান নয়ন, বীরগঞ্জ উপজেলা কৃষি অফিসার মো. শরিফুল ইসলাম এবং ঠাকুরগাঁও পানি উন্নয়ন বোর্ডের সম্প্রসারণ কর্মকর্তা আতিকুর রহমানসহ প্রকল্পভুক্ত বিভিন্ন স্তরের সদস্যরা।

অনুষ্ঠানে অংশগ্রহণমূলক আলোচনা ও ব্যবহারিক উপস্থাপনার মাধ্যমে সেচ প্রকল্প পরিচালনা, নিয়মিত রক্ষণাবেক্ষণ, পানির সুষম বণ্টন এবং কৃষি উৎপাদনে আধুনিক সেচ ব্যবস্থাপনার বাস্তব প্রয়োগ সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়। প্রধান অতিথি তাঁর বক্তব্যে উল্লেখ করেন যে সমন্বিত পানি ব্যবস্থাপনা নিশ্চিত করতে স্থানীয় কৃষকদের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম মাঠপর্যায়ে পানি ব্যবস্থাপনায় দক্ষতা বৃদ্ধি ও দায়িত্ববোধ তৈরিতে বিশেষ ভূমিকা রাখবে বলে কর্মকর্তারা আশা প্রকাশ করেন।