মে ২৩, ২০২৬, ০৪:২০ পিএম
দিনাজপুরে যুবসমাজকে সঠিক প্রশিক্ষণ ও দক্ষতা অর্জন করে বেকারত্ব জয় করার আহ্বান জানিয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক এস.এম হাবিবুল বাসার। শনিবার বালুবাড়ী মহিলা বহুমুখী শিক্ষা কেন্দ্র (এমবিএসকে) প্রাঙ্গণে আয়োজিত এক বিশেষ চাকরি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি যুবকদের উদ্দেশ্যে বলেন যে কাজের যোগ্যতার মাপকাঠি সম্পূর্ণ দক্ষতার ওপর নির্ভরশীল।কারিগরি সহযোগিতায় এই ব্যতিক্রমী মেলার আয়োজন করেছে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)।সংস্থার রিকভারি অ্যান্ড অ্যাডভান্সমেন্ট অফ ইনফরমাল সেক্টর এমপ্লয়মেন্ট (রেইজ) প্রকল্পের আওতায় এই `প্রশিক্ষণ থেকে কর্মসংস্থানে চাকরি মেলা-২০২৬` অনুষ্ঠিত হয়।
এমবিএসকে’র নির্বাহী প্রধান মোসাঃ সুলতানা রাজিয়া খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার তমালিকা পাল এবং সংস্থার উপ-নির্বাহী অফিসার সৈয়দ মুস্তাহিদ হোসেন। স্বাগত বক্তব্য প্রদান করেন রেইজ প্রকল্পের প্রধান সমন্বয়কারী হিরা লাল বিশ্বাস।
এই মেলা প্রশিক্ষিত তরুণদের জন্য কর্মসংস্থানের একটি নতুন দ্বার উন্মোচন করবে বলে উদ্যোক্তারা আশাবাদী।আয়োজকেরা জানান, প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষার্থীদের সরাসরি নিয়োগকারী বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে সংযোগ করিয়ে দেওয়ার লক্ষ্যেই এই চাকরি মেলার আয়োজন করা হয়েছে।
যুবকদের দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে পারলে দেশের অর্থনৈতিক উন্নয়নে ইতিবাচক অবদান রাখা সম্ভব হবে। অনুষ্ঠানটির সার্বিক সঞ্চালনার দায়িত্বে ছিলেন মোর্শেদা পারভীন মলি এবং শুভেচ্ছা বক্তব্য দেন সিনিয়র হিসাব রক্ষক মো. আমিলুজ্জামান।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন