রবিবার, ১১ অক্টোবর, ২০২৬,

দিনাজপুরের গোর-এ-শহীদ মাঠে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

রেজাউল ইসলাম

মে ২৬, ২০২৬, ০৯:৫৯ পিএম

দিনাজপুরের গোর-এ-শহীদ মাঠে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

ছবি-দিনাজপুর টিভি

ঐতিহাসিক গোর-এ-শহীদ বড় ময়দানে সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে ঈদুল আজহার প্রধান জামাত। এরই মধ্যে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ এই ঈদগাহ ময়দানে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে দিনাজপুর জেলা প্রশাসন ও পৌরসভা। 

মঙ্গলবার বিকেলে সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, জেলা প্রশাসক রফিকুল ইসলাম ও পুলিশ সুপার জেদান আল মুসা মাঠ পরিদর্শন করে প্রস্তুতির সর্বশেষ পরিস্থিতি নিশ্চিত করেছেন।লাখো মুসল্লির নামাজ আদায়ের সুবিধার্থে সব ব্যবস্থা নেয়া হয়েছে।

পৌরসভার উদ্যোগে আয়োজিত এই জামাতে ইমামতি করবেন জেলা ইমাম সমিতির সভাপতি আলহাজ্ব মাওলানা মতিউর রহমান কাসেমী। নামাজে অংশ নেবেন স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দসহ সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লিরা। 

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মাঠে কয়েক স্তরের নিরাপত্তা বলয় তৈরি করেছেন। প্রবেশপথে বসানো হয়েছে মেটাল ডিটেক্টর এবং পুরো মাঠ পর্যবেক্ষণ করা হচ্ছে দুটি টাওয়ারের মাধ্যমে।মুসল্লিদের জন্য পর্যাপ্ত ওযুখানা ও পানির ব্যবস্থা রাখা হয়েছে।প্রায় ২২ একর আয়তনের এই ঐতিহাসিক মাঠে ১৯৪৭ সাল থেকেই ঈদের জামাত অনুষ্ঠিত হয়ে আসছে। 

২০১৭ সালে ৫২টি গম্বুজ সংবলিত সুবিশাল মিনার নির্মাণ করা হয়, যা মাঠটিকে অনন্য সৌন্দর্য দিয়েছে। প্রতিবারের মতো এবারও দিনাজপুর জেলাসহ পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা থেকে আগত মুসল্লিদের পদচারণায় মুখর হয়ে উঠবে এই প্রাঙ্গণ। শান্তিশৃঙ্খলা বজায় রেখে নামাজ আদায়ে সব প্রস্তুতি চূড়ান্ত করেছে প্রশাসন।ঈদগাহ প্রাঙ্গণ এখন মুসল্লিদের স্বাগত জানাতে প্রস্তুত।