মোজাম্মেল হক
জুন ৪, ২০২৬, ০২:৫১ পিএম
ছবি-দিনাজপুর টিভি
দিনাজপুরের কাহারোল উপজেলায় মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে ১৭৫ জন অসহায় ও দুস্থ মানুষের মাঝে আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে। সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর সুবিধাবঞ্চিত মানুষদের দৈনন্দিন প্রয়োজন মেটাতে এই মানবিক সহায়তা প্রদান করা হয়।
প্রত্যেক উপকারভোগীকে দুই হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে এই সহায়তা বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোকলেদা খাতুন মীম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মো. মনজুরুল ইসলাম।
অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের প্রতিনিধি ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।সহকারী কমিশনার ইশতিয়াক আহমেদ ও কাহারোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সেলিমুর রহমান এ সময় উপস্থিত ছিলেন। এছাড়া উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা বাদশাসহ স্থানীয় রাজনৈতিক নেতারা এবং অঙ্গসংগঠনের কর্মীরা সহায়তা কার্যক্রমে অংশ নেন।
বক্তারা বলেন, সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে সরকারের এই কার্যক্রম অব্যাহত থাকবে এবং এই সহায়তা উপকারভোগীদের জীবনযাত্রায় কিছুটা হলেও স্বস্তি আনবে।