জুন ৬, ২০২৬, ১০:৫৯ পিএম
দিনাজপুর কাহারোল উপজেলার ডাবোর এলাকায় ভুয়া মামলা দিয়ে সাধারণ মানুষকে হয়রানি, চাঁদাবাজি, স্ত্রী সুধা রানী রায়কে উকিল পরিচয় দিয়ে মানুষকে ভয় দেখানো, মিথ্যা অপহরণ মামলা সাজিয়ে নিরীহ মানুষের কাছ থেকে টাকা দাবি ও সমাজের সম্প্রীতি বিনষ্টকারী গোপাল চন্দ্র রায় ও স্ত্রী সুধা রানী রায়ের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন পালন করেছেন ওই এলাকার ভুক্তভোগীরা।
গত শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে কাহারোল উপজেলার ডাবোর এলাকাবাসী (বীরগঞ্জ-পীরগঞ্জ) জয়নন্দ হাট বাস স্ট্যান্ড সড়কে ঘণ্টাব্যাপী এক মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। মানববন্ধন চলাকালীন বক্তব্য রাখেন বিএনপির নেতা আরিফ চৌধুরী, স্থানীয় সমাজসেবক ইন্দ্রজিৎ রায়, মো. ফজলুল হক, মো. সাইফুল ইসলাম, মো. সোহেল রনি, মো. রুবেল ইসলামসহ স্থানীয় অন্যান্য ভুক্তভোগীরা।
গোপাল চন্দ্র রায় ও তার স্ত্রীর বিরুদ্ধে সুবিচার চেয়ে ওই এলাকার ভুক্তভোগীরা দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য, দিনাজপুর জেলা প্রশাসক, দিনাজপুর পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী পুলিশ সুপার কাহারোল (সার্কেল), কাহারোল থানার পুলিশ পরিদর্শক (ওসি), সহকারী কমিশনার (ভূমি), উপজেলা সাব-রেজিস্ট্রার, ডাবোর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, ডাবোর ইউনিয়ন ভূমি অফিসসহ বিভিন্ন দপ্তরে এর প্রতিকার চেয়ে অনুলিপি প্রেরণ করেছেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন