রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

পেঁয়াজের সরবরাহ বাড়ায় হিলিতে কমেছে দাম

নিজস্ব প্রতিবেদক

জুন ১১, ২০২৬, ০৯:৩১ পিএম

পেঁয়াজের সরবরাহ বাড়ায় হিলিতে কমেছে দাম

ছবি-দিনাজপুর টিভি

জোগান বাড়ায় সপ্তাহের ব্যবধানে দিনাজপুরের হাকিমপুরের হিলিতে পেঁয়াজের দাম কেজিতে ৫ টাকা কমেছে। নিত্যপ্রয়োজনীয় পণ্য পেঁয়াজের দাম কমায় স্বস্তি ফিরেছে নিম্ন আয়ের মানুষের মাঝে। জোগান এমন থাকলে দাম আর বাড়বে না বলে দাবি বিক্রেতাদের।

বৃহস্পতিবার (১১ জুন) সরেজমিনে হিলি বাজার ঘুরে দেখা যায়, বাজারের প্রতিটি দোকানেই পেঁয়াজের পর্যাপ্ত জোগান আছে। জোগান বাড়ার সঙ্গে সঙ্গে দাম আগের তুলনায় কিছুটা কমেছে। দুদিন আগেও যে পেঁয়াজ ৪০ টাকা কেজি দরে বিক্রি হয়েছিল, বর্তমানে তা কমে ৩৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

হিলি বাজারে পেঁয়াজ কিনতে আসা আরিফুল ইসলাম বলেন, আমার আয়-রোজগার সীমিত, এর ওপর পেঁয়াজের বাড়তি দামের কারণে বেশ সমস্যার সম্মুখীন হচ্ছিলাম। আগে দাম কম থাকায় চাহিদা মতো কিনতে পারতাম। কিন্তু দাম বাড়ার ফলে ৪০ টাকা কেজি দরে কিনতে গিয়ে পরিমাণে কম নিতে হচ্ছিল। এখন দাম কিছুটা কমে ৩৫ টাকা হওয়ায় অনেকটা স্বস্তি পাচ্ছি। আশা করি দাম আরও কম থাকবে।

হিলি বাজারের পেঁয়াজ বিক্রেতা সাকিল আহমেদ বলেন, জোগান বেশ ভালো থাকায় পেঁয়াজের দাম বেশকিছু দিন স্বাভাবিক ছিল। তবে গত দুদিন বৈরী আবহাওয়ার কারণে পাইকারি বাজারে পেঁয়াজের জোগান কিছুটা কম ছিল। এর ফলে পাইকারি পর্যায়ে পেঁয়াজের দাম বেড়ে গিয়েছিল। তখন আমাদের ৩৭ টাকা কেজি দরে কিনতে হতো, তাই ৪০ টাকা দরে বিক্রি করছিলাম। তবে এখন জোগান আগের তুলনায় বাড়ায় দাম কমতে শুরু করেছে। বর্তমানে আমরা ৩৩ টাকা কেজি দরে কিনছি এবং খরচ মিলিয়ে ৩৫ টাকা কেজি দরে বিক্রি করছি। জোগান ঠিক থাকলে দাম আরও কমতে পারে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুরের সহকারী পরিচালক বোরহান উদ্দিন বলেন, কেউ যেন কৃত্রিম সংকট তৈরি করে পেঁয়াজের দাম বাড়াতে না পারে, সে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আমরা নিয়মিত দায়িত্বপূর্ণ এলাকাসমূহের বাজার পরিদর্শন করছি এবং ক্রেতা-বিক্রেতার কেনাবেচার দর যাচাই করছি। কারও বিরুদ্ধে বাড়তি দাম নেওয়ার প্রমাণ মিললে আর্থিক জরিমানাসহ কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।