জুন ১৮, ২০২৬, ০১:২৭ পিএম
দিনাজপুরের ঘোড়াঘাটে আঞ্চলিক মহাসড়কের পাশে পথরোধ করে দস্যুতা বা ডাকাতির প্রস্তুতিকালে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার বিকেলে ঘোড়াঘাট পৌরসভার আজাদ মোড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও এক-দুইজন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।এ ঘটনায় ঘোড়াঘাট থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ ও এজাহার সূত্রে জানা গেছে, বুধবার বেলা আনুমানিক তিনটার দিকে ঘোড়াঘাট পৌরসভার আজাদ মোড় এলাকায় গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের পাশে একদল ব্যক্তি দস্যুতার উদ্দেশ্যে সংঘবদ্ধ হয়ে অবস্থান নিচ্ছিল। সেখানে সাধারণ মানুষের পথরোধ করে ডাকাতির প্রস্তুতির বিষয়টি টের পেয়ে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বাসিন্দা মো. রহমতুল্লাহ বাদী হয়ে ঘোড়াঘাট থানায় একটি লিখিত এজাহার দায়ের করেন।
অভিযোগ পেয়ে ঘোড়াঘাট থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে অভিযান চালিয়ে ওই তিনজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন মো. সুরুজ্জামান, মো. শাহজাহান ফিরোজ এবং মো. শাকিল হোসেন। দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় এই ১০ নম্বর মামলাটি নথিভুক্ত করা হয়।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.শহিদুল ইসলাম জানান, মহাসড়কে দস্যুতার প্রস্তুতির খবর পেয়ে তাৎক্ষণিক অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এই চক্রের সঙ্গে জড়িত এবং ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়া অন্যান্য আসামিদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আসামিদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে তিনি নিশ্চিত করেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন