জুন ১৮, ২০২৬, ০২:৩৪ পিএম
দিনাজপুরের চিরিরবন্দরে দেশীয় ফলের উৎপাদন বৃদ্ধি, পুষ্টিগুণ সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং নিরাপদ খাদ্যাভ্যাস গড়ে তোলার লক্ষ্যে বিশেষ ফল মেলার আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এই মেলার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেহা তুজ জোহরা।এই প্রদর্শনীতে বিভিন্ন প্রজাতির দেশীয় ও মৌসুমি ফলের মনোমুগ্ধকর প্রদর্শনী করা হচ্ছে।
মেলা উদ্বোধনের সময় উপজেলা কৃষি কর্মকর্তা জোহরা সুলতানা এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফজলে এলাহী উপস্থিত ছিলেন। এ ছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী কর্মকর্তা মাসুদুর রহমান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুমি আক্তার, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী কর্মকর্তা হোসনে আরা এবং একাডেমিক সুপারভাইজার প্রাণকৃষ্ণ ঘরামী।
আইন-শৃঙ্খলা রক্ষায় চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহামুদুর নবী এবং রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মেজবাউল ইসলাম সেখানে অংশ নেন। উপসহকারী কৃষি কর্মকর্তা মো. উল্লেখ্য মিনহাজুল হক নবাবসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এই সময় মেলা প্রাঙ্গণে উপস্থিত ছিলেন।
মেলায় আগত সাধারণ দর্শনার্থীরা দেশীয় ফলের বিভিন্ন জাত, পুষ্টিগুণ এবং বৈজ্ঞানিক চাষাবাদ পদ্ধতি সম্পর্কে সরাসরি জানার সুযোগ পাচ্ছেন। উদ্বোধনী সভায় আমন্ত্রিত বক্তারা গ্রামীণ পর্যায়ে দেশীয় ফলের পুষ্টিগুণ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং ফল চাষে স্থানীয় কৃষকদের আরও উৎসাহিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। সরকারের বিভিন্ন কৃষিবান্ধব উদ্যোগ মাঠপর্যায়ে বাস্তবায়নের মাধ্যমে কৃষকদের ফল চাষে আরও বেশি উদ্বুদ্ধ করা হচ্ছে বলেও বক্তারা তাঁদের আলোচনায় উল্লেখ করেন।
বক্তারা আরও জানান যে ফল মানুষের দৈনন্দিন পুষ্টি চাহিদা পূরণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই দেশীয় ফলের উৎপাদন এবং ভোগ একযোগে বাড়ানোর মাধ্যমে দেশের পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব বলে তারা মনে করেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন