জুন ২০, ২০২৬, ১২:০৪ এএম
দিনাজপুরের কাহারোল উপজেলার দেবীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর কৃতি ছাত্রী তোফা কুর্রায়েশী একক অভিনয়ে জাতীয় পর্যায়ে প্রথম স্থান অধিকার করেছে। জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬-এর সাংস্কৃতিক ও বিষয়ভিত্তিক কুইজ প্রতিযোগিতার অধীনে এই গৌরবময় ফল অর্জিত হয়। তোফা কাহারোল উপজেলার মো. মহসিন আলী ও মমতাজ বেগমের কৃতি সন্তান।
এই অসামান্য সাফল্যের পর স্থানীয় শিক্ষা মহলে আনন্দের বন্যা বইছে।ঢাকায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তোফা কুর্রায়েশীর হাতে এই মর্যাদাপূর্ণ প্রাথমিক শিক্ষা পদক তুলে দেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. শাখাওয়াত হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী। দেশসেরা এই কৃতি শিক্ষার্থী তোফা কুর্রায়েশীকে তাঁর এই অনন্য সাধারণ পারফরম্যান্স ও অনন্য অর্জনের জন্য বিভিন্ন মহল থেকে এখন শুভেচ্ছা জানানো হচ্ছে।
একক অভিনয়ে জাতীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করায় তোফাকে অভিনন্দন জানিয়েছেন দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. মনজুরুল ইসলাম। পৃথক শুভেচ্ছা বার্তায় কৃতি এই শিক্ষার্থীকে অভিনন্দন জানিয়েছেন কাহারোল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোকলেদা খাতুন মীম এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এম কে এ জিন্নাত আলী। এ ছাড়াও তোফার এই অসামান্য সাফল্য ও কৃতিত্বে গভীর আনন্দ প্রকাশ করে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সভাপতি মো. গোলাম মোস্তফা বাদশা।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন