জুন ২২, ২০২৬, ০৪:৫০ পিএম
দিনাজপুর জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট সারোয়ার জাহান হীরার ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এক বিক্ষোভ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার দুপুরে জেলা আইনজীবী সমিতির কার্যালয়ের সামনে এই বিশেষ মানববন্ধনের আয়োজন করে জেলা আইনজীবী সমিতি।এই কর্মসূচিতে জেলার বিভিন্ন আদালতে কর্মরত বিপুলসংখ্যক সাধারণ আইনজীবী অংশ নেন।
জেলা আইনজীবী সমিতির সভাপতি মোঃ এমাম আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই মানববন্ধনে আইনজীবীরা তাঁদের সহকর্মীর ওপর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। বক্তারা এই ন্যাক্কারজনক ঘটনার সঙ্গে জড়িত চিহ্নিত সন্ত্রাসীদের অনতিবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি তোলেন। একই সঙ্গে আদালত চত্বরে আইনজীবীদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।
অন্যথায় আগামীতে আরও বৃহত্তর ও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন আইনজীবী নেতারা। মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক আবুল আ`লা মাহবুবুর রহমান ভুট্টো, জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর মোস্তাফিজুর রহমান মোস্তাক এবং সমিতির সাবেক সভাপতি মোঃ আব্দুল হালিম ও মোঃ মাজহারুল ইসলাম। এছাড়া আইনজীবী মঞ্জুর আলম রতন ও অনিক চন্দ্র রায় এতে সংহতি জানিয়ে বক্তব্য দেন এবং পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমিতির সহ-সাধারণ সম্পাদক মোঃ তোজাম্মেল হক লিটন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন