জুন ২৯, ২০২৬, ০৬:০৯ পিএম
দিনাজপুর সদর উপজেলায় ধর্মীয় মূল্যবোধ, ঐক্য ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে কালিমার পতাকা নিয়ে এক বিশাল শোভাযাত্রা ও মোটরসাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল ৪টায় ফুলবাড়ী বাসস্ট্যান্ডের দক্ষিণ পাশে অবস্থিত তফিউদ্দিন মেমোরিয়াল স্কুল প্রাঙ্গণ থেকে এই বর্ণাঢ্য কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করা হয়।বিভিন্ন এলাকা থেকে আগত সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লি ও তৌহিদী জনতা দুপুরের পর থেকেই সভাস্থলে সমবেত হতে শুরু করেন।
পরে সেখান থেকে হাজারো মানুষের অংশগ্রহণে কালিমার পতাকা হাতে মোটরসাইকেল র্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রাটি ফুলবাড়ী বাসস্ট্যান্ড এলাকা থেকে শুরু হয়ে চক্ষু হাসপাতাল সংলগ্ন স্কুল মাঠ, পলিটেকনিক মোড়, সদর হাসপাতাল এবং লিলির মোড় অতিক্রম করে। পরবর্তীতে এটি সরকারি কলেজ লিচু চত্বর ও হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এলাকা হয়ে বাঁশের হাটে গিয়ে শান্তিপূর্ণভাবে শেষ হয়।
আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, মুসলিম উম্মাহর পারস্পরিক সৌহার্দ্য ও ধর্মীয় আদর্শ জাগ্রত করার লক্ষ্যেই এই ব্যতিক্রমী শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। কর্মসূচি চলাকালে পুরো রুটজুড়ে রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ ও গভীর আগ্রহ লক্ষ্য করা গেছে। র্যালি চলাকালীন শহরের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখতে স্থানীয় পুলিশ ও সংশ্লিষ্ট প্রশাসন প্রয়োজনীয় সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন