জুন ৩০, ২০২৬, ০৬:১৮ পিএম
দিনাজপুরের হাকিমপুরে ১০ বছর বয়সের এক মাদরাসা ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে সাজ্জাদ হোসেন নামে ৫৫ বছর বয়সী এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। ৩০ জুন মঙ্গলবার সকালে উপজেলার বোয়ালদাড় ইউনিয়নের বৈগ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক সাজ্জাদ হোসেন ওই এলাকারই বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গেছে।অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে বর্তমানে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
হাকিমপুর থানা পুলিশ জানায়, গত ২ জুন দুপুরে মাদরাসা থেকে বাড়ি ফেরার পথে খাবার খাওয়ানোর কথা বলে শিশুটিকে নিজের বাড়িতে ডেকে নিয়ে যান সাজ্জাদ হোসেন। সেখানে তিনি ওই শিক্ষার্থীর শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দিয়ে শ্লীলতাহানির চেষ্টা করেন বলে অভিযোগ উঠেছে। এই ঘটনা কাউকে না বলার জন্য এবং বললে শিক্ষার্থীকে হত্যার হুমকিও দেন তিনি।
পরবর্তীতে ভুক্তভোগী শিশুটি বিষয়টি তার এক বান্ধবীকে জানালে পুরো ঘটনাটি এলাকায় জানাজানি হয়। এক পর্যায়ে শিক্ষার্থীর পরিবার কৌশলে অভিযুক্ত ব্যক্তিকে বাড়িতে ডেকে নিয়ে পুলিশের হাতে তুলে দেয়। হাকিমপুর থানার ওসি জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাদরাসা শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার ঘটনায় একজনকে আটক করা হয়েছে এবং এই বিষয়ে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন