জুলাই ১, ২০২৬, ০৭:০৬ পিএম
দিনাজপুর জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় ১৫ দিনব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আজ বুধবার সমাজসেবা কমপ্লেক্স ভবনের তিথির ডোর সম্মেলন কক্ষে এই সমাপনী, সনদপত্র ও গবাদিপশু বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সফলভাবে কোর্স সম্পন্নকারী প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্রসহ গরু ও ছাগল বিতরণ করেন সমাজকল্যাণ এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ. জেড. এম. জাহিদ হোসেন।অনুষ্ঠানে মোট ২৫ জন প্রশিক্ষণার্থীর মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়।দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. আব্দুল মতিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি, পুলিশসিউপার মো. জেদান আল মুসা পিপিএম, রংপুর বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক ও উপ-সচিব মোছাম্মৎ জিলুফা সুলতানা এবং জেলা পরিষদের প্রশাসক এডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল। এছাড়াও সিভিল সার্জন ডা. গোলাম রসুল রাখি, জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি ও জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুর রহিম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানটি অত্যন্ত সুচারুভাবে সঞ্চালনা করেন সহকারী পরিচালক মো. মুনির হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ. জেড. এম. জাহিদ হোসেন বলেন, দেশের অনগ্রসর ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে উন্নয়নের মূল স্রোতধারায় ফিরিয়ে আনতে পারলে একটি মানবিক বাংলাদেশ গড়ে উঠবে। তিনি আরও উল্লেখ করেন, বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়তে হলে দেশের সব স্তরের মানুষকে একযোগে মিলেমিশে কাজ করতে হবে। এর পাশাপাশি প্রশিক্ষণ থেকে অর্জিত মূল্যবান জ্ঞানকে বাস্তব জীবনে কাজে লাগিয়ে নিজেদের স্বাবলম্বী করার জন্য তিনি প্রশিক্ষণার্থীদের প্রতি উদাত্ত আহ্বান জানান। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে সহকারী পরিচালক মো. রুকনুজ্জামান মন্ডল, শহর সমাজসেবা অফিসার মো. মাইনুল ইসলাম এবং উপজেলা সমাজসেবা অফিসার গোলাম আজমসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন