রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬,

দিনাজপুরে আদিবাসী সমাজ উন্নয়ন সমিতির ২২ দফা দাবি পেশ

মো: মামুনুর রশিদ

জুলাই ১, ২০২৬, ০৭:১০ পিএম

দিনাজপুরে আদিবাসী সমাজ উন্নয়ন সমিতির ২২ দফা দাবি পেশ

ছবি-দিনাজপুর টিভি

আদিবাসী সমাজ উন্নয়ন সমিতি দিনাজপুর জেলা কমিটির পক্ষ থেকে দিনাজপুর সদর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলমের সাথে এক সৌজন্য মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার জেলা কমিটির নেতৃবৃন্দ নবনির্বাচিত সংসদ সদস্যের বাসভবনে গিয়ে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান এবং আদিবাসী সম্প্রদায়ের অধিকার রক্ষা ও সার্বিক উন্নয়ন নিয়ে আলোচনা করেন। 

আদিবাসী সমাজ উন্নয়ন সমিতির জেলা সভাপতি রূবেন মুর্মূ, সহ-সভাপতি নারায়ণ মার্ডি এবং সাধারণ সম্পাদক বাবলু টুডুর নেতৃত্বে এই প্রতিনিধি দলটি এমপির সাথে সাক্ষাৎ করেন।সাঁওতাল বিদ্রোহের ১৭১তম বার্ষিকী উপলক্ষে আদিবাসীদের অস্তিত্ব রক্ষায় ২২ দফা দাবি উত্থাপন করা হয়।মতবিনিময় সভায় আদিবাসী সমাজ উন্নয়ন সমিতির সভাপতি রূবেন মুর্মূ বলেন, ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহের ১৭১তম বার্ষিকীতে আমাদের অস্তিত্ব টিকিয়ে রাখার লক্ষ্যে ২২ দফা দাবির প্রতি রাষ্ট্রের নীতি-নির্ধারকদের বিশেষ হস্তক্ষেপ কামনা করছি। 

এসব দাবির মধ্যে অন্যতম হলো আদিবাসী জাতিগোষ্ঠীর সাংবিধানিক স্বীকৃতি প্রদান, তাদের জন্য একটি পৃথক মন্ত্রণালয় গঠন এবং জাতীয় সংসদে আদিবাসীদের জন্য সংরক্ষিত আসন বরাদ্দ করা। এ ছাড়া আদিবাসীদের নিজস্ব ভূমির অধিকার রক্ষা, প্রাথমিক শিক্ষার সুযোগ নিশ্চিত করা এবং একটি স্বাধীন ও শক্তিশালী ভূমি কমিশন গঠনের জোর দাবি জানান তিনি।প্রতিনিধি দলটি তাঁদের অন্যান্য দাবির মধ্যে ৯ আগস্ট আন্তর্জাতিক আদিবাসী দিবসকে রাষ্ট্রীয়ভাবে পালন, খাস জমি বণ্টনের ক্ষেত্রে আদিবাসী পরিবারগুলোকে অগ্রাধিকার দেওয়া এবং ঐতিহাসিক কান্তনগর মোড়ে স্থাপিত সিদু-কানুর ভাস্কর্যটি দ্রুত পুনর্নির্মাণের দাবি জানান। 

একই সঙ্গে আদিবাসীদের প্রধান প্রধান ধর্মীয় উৎসবগুলোতে সরকারিভাবে বার্ষিক জাতীয় বাজেট থেকে সুনির্দিষ্ট আর্থিক বরাদ্দ রাখার আহ্বান জানানো হয়। এই সময় জেলা কমিটির সহ-সভাপতি রবীন মুর্মূ, সদস্য মাতালিনা বেশরা, রানী হাসদা এবং নবাবগঞ্জ উপজেলা কমিটির সদস্য কল্পনা বেশরা উপস্থিত ছিলেন।

আদিবাসী নেতাদের উত্থাপিত এই দীর্ঘমেয়াদি ও যুক্তিসঙ্গত দাবিগুলোর প্রতি গভীর শ্রদ্ধা ও সংহতি প্রকাশ করে সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম বলেন, এটি মূলত রাষ্ট্রীয় নীতিমালা ও জাতীয় সিদ্ধান্তের বিষয়। তবে একজন স্থানীয় জনপ্রতিনিধি হিসেবে আমি আসন্ন জাতীয় সংসদে এবং সরকারের উচ্চপর্যায়ে আপনাদের এই ন্যায্য দাবিগুলো অত্যন্ত জোরালোভাবে তুলে ধরব। তিনি এই অনগ্রসর ও সংগ্রামী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, সংস্কৃতি রক্ষা ও মৌলিক অধিকার আদায়ে সব সময় পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।