শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬,

বিরামপুরে অটোরিক্সা মালিক সমিতির ১২তম নির্বাচন সম্পন্ন

মোঃ সামিউল আলম

জুলাই ৪, ২০২৬, ০৮:৩৫ পিএম

বিরামপুরে অটোরিক্সা মালিক সমিতির ১২তম নির্বাচন সম্পন্ন

ছবি : দিনাজপুর টিভি

দিনাজপুর জেলা মিশুক, বেবি ট্যাক্সি, ট্যাক্সি কার ও সিএনজি চালিত অটোরিক্সা মালিক সমিতির ১২তম ম্যানেজিং কমিটির নির্বাচন বিরামপুরে অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার সমিতির প্রধান কার্যালয়ে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়। এতে সভাপতি পদে এ.কে.এম মামুনুর রশিদ লিটন এবং সাধারণ সম্পাদক পদে মো. জাকির হোসেন নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে সমিতির মোট ২২৩ জন ভোটারের মধ্যে ১৯৫ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।সভাপতি পদে লিটন গরুর গাড়ি প্রতীকে এবং সাধারণ সম্পাদক পদে জাকির আনারস প্রতীকে জয়ী হন। কার্যনির্বাহী কমিটির ৯টি পদের মধ্যে বাকি পদগুলোতে আশরাফুল হক তেল্লা, আলমগীর হোসেন, মেহেদুল ইসলাম, শাহিনুর ইসলাম, মো. খোকন, মো. মিলন এবং মো. সাইফুল ইসলাম বিজয়ী হয়েছেন। এদের মধ্যে অধিকাংশ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মো. শাহ্ আলম মন্ডল জানান, সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। ভোট গণনা শেষে রাত ৮টার দিকে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন হাকিমপুর মহিলা কলেজের সহকারী অধ্যাপক কামাল আহমেদ সওদাগর।

অতীতের রাজনৈতিক পটপরিবর্তনের পর এই নির্বাচনকে ঘিরে মালিক সমিতির সদস্যদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। নির্বাচন শান্তিপূর্ণ রাখতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন ছিল। সুষ্ঠু ও নিরপেক্ষভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় প্রার্থী ও এজেন্টরা সন্তোষ প্রকাশ করেছেন।