জুলাই ৫, ২০২৬, ০৪:৩৭ পিএম
দিনাজপুরের বীরগঞ্জে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুস্থ ও অসহায় পরিবারের মাঝে মানবিক সহায়তা হিসেবে জিআর চাল ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। রোববার সকালে বীরগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. মনজুরুল ইসলাম। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমা খাতুনের সভাপতিত্বে এই অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহসান হাবীব সরকার।
উপজেলার মোট ১ হাজার ২০০টি ক্ষতিগ্রস্ত পরিবার এই খাদ্য সহায়তা পেয়েছেন।অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে মোট ৪২ মেট্রিক টন জিআর চাল বিতরণ করা হয়। এছাড়া জিআর ক্যাশ কর্মসূচির আওতায় ১২০ জন উপকারভোগীকে মোট ৪ লাখ ৯০ হাজার টাকা নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। দুর্যোগের কবলে পড়া অসহায় মানুষের দুর্দশা লাঘবে সরকারের এই মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে অনুষ্ঠানে জানানো হয়।
সংসদ সদস্য মো. মনজুরুল ইসলাম তার বক্তব্যে বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়ানো সরকারের অন্যতম মানবিক দায়িত্ব। দুর্যোগের কারণে যাদের ঘরবাড়ি বা ফসলের ক্ষতি হয়েছে, তাদের কষ্ট লাঘবে সরকার সব সময় আন্তরিক। তিনি ক্ষতিগ্রস্তদের ধৈর্য ধারণের আহ্বান জানান এবং বর্তমান সরকার তাদের পাশে থাকার আশ্বাস দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপংকর বর্মন, বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তরিকুল ইসলামসহ স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ। এছাড়া জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশ নেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন