রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

বিরামপুরে গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

মোঃ সামিউল আলম

জুলাই ২০, ২০২৬, ০৬:১১ পিএম

বিরামপুরে গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ছবি: দিনাজপুর টিভি নিজস্ব প্রতিবেদক

দিনাজপুরের বিরামপুরে গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন ও সড়ক নেটওয়ার্কের তথ্য যাচাইকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে জিআইএস ভিত্তিক এই মাস্টারপ্ল্যান প্রণয়নে সড়ক অগ্রাধিকার ও নেটওয়ার্কের মানচিত্রায়নের ওপর গুরুত্বারোপ করা হয়। সোমবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে এই কর্মশালাটি সম্পন্ন হয়।সঠিক তথ্য ও অগ্রাধিকার নির্ধারণই এই মাস্টারপ্ল্যানের মূল লক্ষ্য।

উপজেলা প্রকৌশলী আতাউর রহমানের সভাপতিত্বে কর্মশালায় মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বেটস কনসাল্টিং সার্ভিসেস লিমিটেডের জিআইএস স্পেশালিস্ট প্রকৌশলী ফাহিম শাহরিয়ার। তিনি সড়ক নেটওয়ার্ক কর্মসূচির আওতায় উপজেলা, ইউনিয়ন ও গ্রামীণ সড়কের বর্তমান অবস্থার বিস্তারিত তথ্য-উপাত্ত তুলে ধরেন। ডিজিটাল ম্যাপিং ও জিআইএস পদ্ধতির মাধ্যমে সড়কের তথ্য যাচাইয়ের এই প্রক্রিয়া ভবিষ্যতে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান তিনি।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিনা খাতুন বলেন, গ্রামীণ সড়কের সঠিক তথ্য ভান্ডার থাকলে উন্নয়নের পরিকল্পনা গ্রহণ করা সহজ হয়। এতে অপ্রয়োজনীয় ব্যয় কমবে এবং এলাকার মানুষের দুর্ভোগ লাঘব হবে। কর্মশালায় উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা কমল কৃষ্ণ রায়, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম সরকার, মুকুন্দপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, জোতবানী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রাজ্জাকসহ এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী সুরুজ্জামান প্রমুখ।

সড়কের অগ্রাধিকার তালিকা তৈরি এবং তথ্যের স্বচ্ছতা নিশ্চিত করার মাধ্যমে একটি টেকসই গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলাই এই কর্মশালার উদ্দেশ্য। অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, এই মাস্টারপ্ল্যান বাস্তবায়িত হলে বিরামপুর উপজেলার গ্রামীণ জনপদে অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে। স্থানীয় জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের সমন্বয়ে গ্রামীণ সড়ক অবকাঠামোর এই আধুনিকায়ন কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়।