বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬,

দিনাজপুর সদরে কৃষকদের পুষ্টি ও সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

জুলাই ২৬, ২০২৬, ০২:২৭ পিএম

দিনাজপুর সদরে কৃষকদের পুষ্টি ও সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

ছবি: দিনাজপুর টিভি নিজস্ব প্রতিবেদক

দিনাজপুর সদর উপজেলার আস্করপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে গ্রামীণ জনগোষ্ঠী ও কৃষকদের পুষ্টির মান বাড়াতে বিশেষ এক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশন বা ‘গেইন’-এর আয়োজনে ও ইউনিয়ন মাল্টিসেক্টর প্ল্যাটফর্মের রেইনস প্রকল্পের আওতায় রোববার (২৬ জুলাই) সকাল সাড়ে ১০টায় এই কর্মসূচির আয়োজন করা হয়।কর্মশালায় স্থানীয় কৃষিজীবী ও শ্রমজীবী মানুষদের সঠিক পুষ্টির বিষয়ে সচেতন করে তুলতে নানা দিকনির্দেশনা দেওয়া হয়।

আস্করপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. আবু বকর ছিদ্দীকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ। পুরো কর্মশালাটি পরিচালনা করেন সংস্থার বিশেষ পরামর্শক সুবর্না ইসলাম। অনুষ্ঠানে সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. রাকিবুল ইসলাম, আস্করপুর ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. আতিকুর রহমান, মো. ইদ্রীস আলী সরকার এবং ইউনিয়ন পরিষদের প্রতিনিধি মো. সাদাত হোসেনসহ অন্যান্য দায়িত্বশীল ব্যক্তিরা উপস্থিত থেকে আলোচনায় অংশ নেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সুস্থ ও স্বাভাবিক জীবনযাপনের জন্য দৈনন্দিন খাদ্যাভ্যাসে পর্যাপ্ত শাকসবজি ও ফলমূল অন্তর্ভুক্ত করা অত্যন্ত জরুরি। বিশেষ করে শিশুদের মানসিক বিকাশ ও কিশোর-কিশোরীদের শারীরিক বৃদ্ধির জন্য সুষম খাবারের বিকল্প নেই। পাশাপাশি জন্মের পর প্রথম ছয় মাস শিশুকে শুধু শালদুধ খাওয়ানো এবং পরবর্তী সময়ে সহজপাচ্য পুষ্টিকর বাড়তি খাবার দেওয়ার বিষয়ে মায়েদের বিশেষ পরামর্শ দেওয়া হয়।

কৃষকদের জন্য মডেল পুষ্টি বাগান তৈরি, খাদ্যদ্রব্য সঠিকভাবে সংরক্ষণ ও পুষ্টিগুণ বজায় রেখে রান্নার আধুনিক উপায় সম্পর্কে ধারণা দেন উপস্থিত বিশেষজ্ঞরা। এই প্রশিক্ষণ সভায় স্থানীয় শিক্ষক, কৃষক, বাজার কমিটির প্রতিনিধি, নারী উদ্যোক্তা, জনস্বাস্থ্য কর্মী ও ইমামসহ বিভিন্ন স্তরের সুধীজন উপস্থিত ছিলেন।