জুলাই ৩০, ২০২৬, ১১:২৮ পিএম
দিনাজপুরের বিরলে আগামীকাল শুক্রবার বিকেলে শুরু হতে যাচ্ছে ঐতিহ্যবাহী দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট। উপজেলার সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এই টুর্নামেন্টের জমজমাট উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্মতি জানিয়েছেন জাতীয় সংসদ সদস্য ও দিনাজপুর-৪ আসনের প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান মিয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করার কথা রয়েছে দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাকের।
আয়োজক সূত্রে জানা গেছে, টুর্নামেন্টের উদ্বোধনী দিনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মো. মনজুরুল ইসলাম মঞ্জু, দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. রফিকুল ইসলাম এবং পুলিশ সুপার জেদান আল মুসা পিপিএম। এছাড়া আরও উপস্থিত থাকবেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচিসহ বোচাগঞ্জ ও বিরল উপজেলার বিভিন্ন রাজনৈতিক ও স্থানীয় নেতৃবৃন্দ।
আগামীকাল শুক্রবার বিকেল তিনটায় টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক বিরল উপজেলা ক্রীড়া সংস্থার মুখোমুখি হবে নীলফামারী ফুটবল একাডেমি। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, উভয় দলেই জাতীয় পর্যায়ের বিভিন্ন টুর্নামেন্টে অংশগ্রহণকারী অভিজ্ঞ ও দক্ষ খেলোয়াড়রা অংশ নেবেন।বিরল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠের এই জমজমাট ফুটবল টুর্নামেন্টের খেলাগুলো উপভোগ করার জন্য এলাকার সর্বস্তরের ক্রীড়াপ্রেমী দর্শকদের প্রতি বিশেষ আমন্ত্রণ জানানো হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন