মোজাম্মেল হক
আগস্ট ১, ২০২৬, ১১:২২ এএম
ছবি: দিনাজপুর টিভি নিজস্ব প্রতিবেদক
দিনাজপুরের বিরল উপজেলায় যুব সমাজকে মাদক, মোবাইল আসক্তি ও অপসংস্কৃতি থেকে দূরে রাখতে এক ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে শুক্রবার বিকেলে পাল্টাপুর ইউনিয়নের ঘোড়াবান্দ আদর্শ গ্রামের স্বাধীন মাঠে ছাত্র-জনতা স্পোর্টিং ক্লাবের উদ্যোগে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। টুর্নামেন্টের উদ্বোধনী দিনে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও যুবকদের মাঝে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
আটটি দল নিয়ে এই টুর্নামেন্ট শুরু হয়েছে।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন জেলা যুবদলের অন্যতম সদস্য ও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মো. আক্কাস আলী। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাল্টাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. তহিদুল ইসলাম, ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এবং সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মো. শরিফুল ইসলাম শরিফ, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. সবুজ আলী, ঘোড়াবান্দ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহবুব আলম এবং জাতীয় নাগরিক পার্টির বিরগঞ্জ উপজেলার যুগ্ম সমন্বয়ক মো. আবু বক্কর সুমন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, তরুণ প্রজন্মকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে খেলাধুলার প্রসার ঘটানো অত্যন্ত জরুরি। নিয়মিত খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি যুবসমাজকে সঠিক পথে পরিচালনা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে তারা মত প্রকাশ করেন।