রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

সন্তানকে সৎ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান:আখতারুজ্জামান মিয়া

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ৩, ২০২৬, ১০:৪৪ এএম

সন্তানকে সৎ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান:আখতারুজ্জামান মিয়া

ছবি: দিনাজপুর টিভি

সন্তানদের শুধু উচ্চশিক্ষিত নয়, সৎ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন সংসদের হুইপ মো. আখতারুজ্জামান মিয়া। দিনাজপুর-৪ (চিরিরবন্দর-খানসামা) আসনের এই সংসদ সদস্য সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় অভিভাবকদের প্রতি এই অনুরোধ জানান।

পরিবারই একজন মানুষের প্রথম শিক্ষাপ্রতিষ্ঠান।হুইপ তাঁর বার্তায় উল্লেখ করেন, প্রতিটি বাবা-মায়ের স্বপ্ন থাকে সন্তানের জন্য উন্নত শিক্ষা ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করার। তবে ভালো বিদ্যালয়ে পড়াশোনা বা পুষ্টিকর খাবার দেওয়াই যথেষ্ট নয়। সন্তানের মানসিক বিকাশ, আচরণ, বন্ধুবান্ধব ও দৈনন্দিন কর্মকাণ্ডের খোঁজ রাখাও সমান জরুরি। 

অবসর সময় কাটানো এবং ইন্টারনেট ব্যবহারের বিষয়ে অভিভাবকদের বিশেষ নজরদারি রাখার পরামর্শ দেন তিনি।সপ্তাহে অন্তত একবার শ্রেণিশিক্ষকের সঙ্গে যোগাযোগ করে সন্তানের পড়াশোনা ও উপস্থিতি সম্পর্কে জানার পরামর্শ দেওয়া হয়েছে। মাসে অন্তত একবার বিদ্যালয়ে গিয়ে শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করার কথাও বলা হয় ওই বার্তায়।

কোনো শিশুই অপরাধী হয়ে জন্মায় না। পরিবারে পাওয়া মূল্যবোধ ও শিক্ষার ওপর ভিত্তি করেই তার চরিত্র গঠিত হয়। তাই সন্তানদের ধর্মীয় শিক্ষার পাশাপাশি সত্যবাদিতা, শৃঙ্খলা ও মানবিকতার চর্চায় উৎসাহিত করতে হবে। আজকের শিশুরাই আগামী দিনের সমাজকে আলোকিত করবে।একটি সুস্থ সমাজ ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সচেতন অভিভাবকরাই সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারেন। সন্তানদের সঠিক দিকনির্দেশনা দিয়ে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার তাগিদ দিয়েছেন এই জনপ্রতিনিধি।