কুদ্দুস আলী খান
আগস্ট ৩, ২০২৬, ০২:৪০ পিএম
ছবি: দিনাজপুর টিভি নিজস্ব প্রতিবেদক
দেশের বাজারে কাঁচা মরিচের দাম নিয়ন্ত্রণে রাখতে দিনাজপুরের হিলি স্থলবন্দরের ১৬টি আমদানিকারক প্রতিষ্ঠানকে মোট ৫ হাজার ১৫০ টন কাঁচা মরিচ আমদানির অনুমতি দেওয়া হয়েছে। সোমবার দুপুরে হিলি উদ্ভিদ সংগনিরোধ কার্যালয় থেকে এই অনুমতির বিষয়টি নিশ্চিত করা হয়।সাম্প্রতিক বন্যায় দেশের বিভিন্ন অঞ্চলে কাঁচা মরিচের উৎপাদন ব্যাহত হওয়ায় বাজারে দাম বেড়ে গেছে।
এই সংকট কাটিয়ে উঠতে সরকার দ্রুত কাঁচা মরিচ আমদানির অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নেয়। এরই অংশ হিসেবে হিলি বন্দরের ১৬টি প্রতিষ্ঠান আমদানির অনুমতি লাভ করেছে বলে জানিয়েছেন উদ্ভিদ সংগনিরোধের উপ-সহকারী কর্মকর্তা উজ্জ্বল হোসেন। অনুমোদিত এই প্রতিষ্ঠানগুলো দ্রুতই ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু করতে পারবে বলে আশা করা হচ্ছে।
আমদানি শুরু হলে দেশের বাজারে কাঁচা মরিচের সরবরাহ বাড়বে এবং দাম দ্রুত সাধারণ মানুষের নাগালে আসবে।স্থানীয় ব্যবসায়ীরা আশা প্রকাশ করছেন, বন্দরে পর্যাপ্ত পরিমাণে কাঁচা মরিচ পৌঁছালে বর্তমান চড়া দাম উল্লেখযোগ্যভাবে কমে যাবে। হিলি বন্দর দিয়ে আমদানি কার্যক্রম স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় প্রক্রিয়া ত্বরান্বিত করা হয়েছে।