কুদ্দুস আলী খান
আগস্ট ৩, ২০২৬, ০৬:৪১ পিএম
ছবি: দিনাজপুর টিভি নিজস্ব প্রতিবেদক
টানা আট মাসের বেশি সময় বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আবারও কাঁচা মরিচ আমদানি শুরু হয়েছে। সোমবার বিকেল চারটার দিকে তিনটি ট্রাকে ২১ টন কাঁচা মরিচ বন্দরে প্রবেশের মাধ্যমে এই কার্যক্রম শুরু হয়। আমদানির খবরে হিলির স্থানীয় বাজারে এক দিনেই পণ্যটির দাম কেজিতে ত্রিশ টাকা পর্যন্ত কমে এসেছে।সোমবার সকালে যে কাঁচা মরিচ ২৮০ টাকা দরে বিক্রি হয়েছে, বিকেলে তা নেমে আসে ২৫০ টাকায়।
গত বছরের ২০ নভেম্বরের পর এই বন্দর দিয়ে কাঁচা মরিচ আমদানি বন্ধ ছিল। সম্প্রতি দেশের বাজারে পণ্যটির দাম অস্বাভাবিক বেড়ে গেলে রবিবার সরকার নতুন করে আমদানির অনুমতি দেয়।ভারতের কাটিহার থেকে প্রতি টন কাঁচা মরিচ ৩০০ ডলারে আমদানি করা হচ্ছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
আমদানিকারক আমিনুল ইসলাম পলাশ জানান, হিলি বন্দর দিয়ে আসা এসব কাঁচা মরিচ ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে পাঠানো হবে। আমদানি ধারাবাহিকভাবে বাড়লে দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে চলে আসবে বলে আশা করছেন তিনি। কাঁচা মরিচ পচনশীল পণ্য হওয়ায় ব্যবসায়ীরা যেন ক্ষতির মুখে না পড়েন, সেজন্য দ্রুত ছাড়পত্র দেওয়ার ব্যবস্থা নেওয়া হয়েছে।হিলি স্থলবন্দর উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপসহকারী উজ্জ্বল হোসেন জানান, এই বন্দরের ৬৯ জন ব্যবসায়ী মোট ২৯ হাজার ৭১০ টন কাঁচা মরিচ আমদানির অনুমতি পেয়েছেন।