আগস্ট ৫, ২০২৬, ১১:৩২ পিএম
দিনাজপুরের পার্বতীপুরে দুই ব্যক্তিকে হত্যাচেষ্টার অভিযোগে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মহাসড়কে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় এলাকাবাসী। বুধবার দুপুরে উপজেলার ৯ নম্বর হামিদপুর ইউনিয়নের মহেশপুর মোড়ে ফুলবাড়ী মধ্যপাড়া ও বড়পুকুরিয়াগামী মহাসড়কে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ভুক্তভোগী পরিবার ও সাধারণ মানুষের আয়োজনে এই মানববন্ধনে শত শত মানুষ অংশ নেন।ঘণ্টাব্যাপী এই মানববন্ধনের কারণে ওই মহাসড়কে যান চলাচল সাময়িক বন্ধ হয়ে যায়।মানববন্ধনে অংশগ্রহণকারী স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন যে মোছা. আফরোজা খাতুন ও মো. আজগার বাবুকে হত্যার উদ্দেশ্যে বর্বরোচিত হামলা চালানো হয়েছিল। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হলেও পুলিশ এখনো আসামিদের গ্রেপ্তার করতে পারেনি, ফলে তারা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন বলে ক্ষোভ প্রকাশ করেন বক্তারা।
দ্রুত আসামিদের আইনের আওতায় আনা না হলে এলাকার নিরাপত্তা আরও বিঘ্নিত হবে বলে হুঁশিয়ারি দেন তারা। যান চলাচল বন্ধ থাকায় যাত্রীরা কিছুটা ভোগান্তিতে পড়েন।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পার্বতীপুর থানার পুলিশ কর্মকর্তা তুহিন ঘটনাস্থলে উপস্থিত হন।পুলিশের পক্ষ থেকে আসামিদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাসের পর স্থানীয় গ্রামবাসীরা শান্তিপূর্ণভাবে মানববন্ধন প্রত্যাহার করে নেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন