রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

চিরিরবন্দরে বার্ষিক পুষ্টি কর্ম-পরিকল্পনা মূল্যায়ন সভা অনুষ্ঠিত

এনামুল মবিন(সবুজ)

আগস্ট ১১, ২০২৬, ০৪:৫৫ পিএম

চিরিরবন্দরে বার্ষিক পুষ্টি কর্ম-পরিকল্পনা মূল্যায়ন সভা অনুষ্ঠিত

ছবি: দিনাজপুর টিভি নিজস্ব প্রতিবেদক

দিনাজপুরের চিরিরবন্দরে বার্ষিক পুষ্টি কর্ম-পরিকল্পনা মূল্যায়ন সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলা সদরের কমিউনিটি সেন্টারে এই সভার আয়োজন করা হয়। স্থানীয় পর্যায়ে জনসচেতনতা বৃদ্ধি এবং পুষ্টির মান উন্নয়নের লক্ষ্যে সংশ্লিষ্ট সকল স্তরের প্রতিনিধিদের নিয়ে এই বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের গ্লোবাল অ্যালায়েন্স ফর ইম্প্রুভড নিউট্রিশন বা গেইন প্রকল্পের আওতাধীন ইউনিয়ন মাল্টি স্টেকহোল্ডার প্ল্যাটফর্ম এই সভার আয়োজন করে।অনুষ্ঠানে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন চিরিরবন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেহা তুজ জোহরা। 

এছাড়াও আলোচনায় অংশ নেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জোহরা সুলতানা এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মোয়াজ্জেম হোসেন। রেইনস প্রজেক্ট গেইনের প্রকল্প কর্মকর্তা সামিহা ইসরাত সিলভিয়া এবং পরামর্শক সুবর্ণা ইসলাম সভায় পুষ্টি বিষয়ক নানা পরিকল্পনা তুলে ধরেন।

স্থানীয় পর্যায়ের এই গুরুত্বপূর্ণ মূল্যায়ন সভায় বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন। স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিব ও সদস্যরা এতে উপস্থিত ছিলেন। এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, গণমাধ্যমকর্মী, শিক্ষক, কৃষক, ব্যবসায়ী, স্বাস্থ্যকর্মী, পুষ্টিকর্মী এবং মসজিদের ইমামরা এই সভায় অংশ নেন।