বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬,

দিনাজপুরে জামায়াতের মহিলা দায়িত্বশীলা সম্মেলন, সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান

মো: মামুনুর রশিদ

আগস্ট ১৪, ২০২৬, ১১:৩৪ পিএম

দিনাজপুরে জামায়াতের মহিলা দায়িত্বশীলা সম্মেলন, সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান

ছবি: দিনাজপুর টিভি নিজস্ব প্রতিবেদক

দিনাজপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের উদ্যোগে ‘মহিলা দায়িত্বশীলা সম্মেলন-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার শহরের শিশু একাডেমি মিলনায়তনে আয়োজিত এই সম্মেলনে জেলার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা অংশগ্রহণ করেন।সম্মেলনের সভাপতিত্ব করেন দিনাজপুর জেলা মহিলা বিভাগের সেক্রেটারি মোস্তাকিমা বেগম।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মহিলা বিভাগের সেক্রেটারি নুরুন্নিসা সিদ্দিকা। তিনি বলেন, সমৃদ্ধ ও স্বনির্ভর বাংলাদেশ গড়তে নারীদের নেতৃত্ব ও দক্ষতার বিকাশ জরুরি। আদর্শ জাতি গঠনে মায়েদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি নারীদের জ্ঞানচর্চা, গবেষণা ও দ্বীনি সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

নারীদের সমাজ গঠন ও রাষ্ট্র পরিচালনায় কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। ইসলামী সংস্কৃতির প্রসারে গবেষণামূলক কাজে মনোনিবেশ করার পরামর্শও দেন প্রধান অতিথি।সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য ও কেন্দ্রীয় মহিলা বিভাগের সহকারী সেক্রেটারি মারজিয়া বেগম, রংপুর-দিনাজপুর অঞ্চলের মহিলা বিভাগের পরিচালিকা রোজিনা রোজি এবং সহকারী পরিচালিকা আফরোজা বেগম। সম্মেলনে জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিপুলসংখ্যক দায়িত্বশীল কর্মী অংশ নেন।