আগস্ট ১৬, ২০২৬, ১২:০৮ এএম
দিনাজপুরের বিরামপুর উপজেলা পরিষদ চত্বরে প্রতিদিন ভেসে আসে একটি পরিচিত কণ্ঠের হাঁক। সাদা পাঞ্জাবি ও টুপি পরা এক ব্যক্তি গলায় ঝুলন্ত লোহার রিংয়ে বাদাম, ভাজা ছোলা ও চানাচুরের প্যাকেট নিয়ে লাঠিতে ভর করে হেঁটে চলেন। চোখে আলো না থাকলেও মানুষের প্রতি তাঁর বিশ্বাস অটুট।তাঁর নাম রাজু আহমেদ।চল্লিশোর্ধ্ব এই দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তি বিরামপুর উপজেলার পশ্চিম জয়দেবপুর আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা।
বাবার নাম আজিজার রহমান। ছোটবেলায় স্থানীয় হাফেজিয়া মাদরাসায় পড়ে হাফেজ হওয়ার স্বপ্ন দেখলেও পরিবারের আর্থিক অনটনে তা পূরণ হয়নি। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে পরিবারে বোঝা না হয়ে সম্মানের সঙ্গে বাঁচার তাগিদে আঠারো বছর আগে বাদাম বিক্রির কাজ শুরু করেন তিনি।শুরুর দিকে অনেকে তাঁকে ভয় দেখালেও মানুষের সততার ওপর নির্ভর করে তিনি পথচলা শুরু করেন। রাজু জানান, ক্রেতারা নিজ হাতে তাঁর পকেটে টাকা দেন এবং দীর্ঘ এই সময়ে কেউ তাঁর সঙ্গে প্রতারণা করেনি। বরং অনেক সময় দশ টাকার পণ্য কিনে কেউ কেউ খুশি হয়ে বাড়তি টাকাও দিয়ে দেন।
প্রতিদিন বাদাম, ছোলা ও চানাচুর বিক্রি করে তাঁর আয় হয় প্রায় তিনশত থেকে পাঁচশত টাকা। দিন শেষে বাড়ি ফেরার পথে মুদি দোকান থেকে কাঁচা উপাদান কিনে নেন তিনি। বাড়িতে তাঁর স্ত্রী সেগুলো ভেজে প্যাকেট তৈরি করেন এবং পরদিন সকালে নতুন উদ্যমে বিক্রি শুরু হয়। ভিক্ষাবৃত্তির বদলে পরিশ্রমকেই সম্মানের মনে করেন এই সংগ্রামী মানুষ।
উপজেলা পরিষদ বন্ধের দিন বা দুর্যোগপূর্ণ আবহাওয়ায় বেচাকেনা কিছুটা কমে গিয়ে দিনে পঞ্চাশ থেকে একশত টাকায় নেমে আসে। তবে পরিস্থিতি বিবেচনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাঁকে ব্যক্তিগত ও সরকারিভাবে নানা সহযোগিতা প্রদান করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিনা খাতুন ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রোকনুজ্জামান জানিয়েছেন, রাজুর মতো সংগ্রামী ব্যক্তিরা সমাজের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত এবং তাঁর পাশে প্রশাসনের সহায়তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন