আগস্ট ২৪, ২০২৬, ০৭:৫০ পিএম
বিরল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে খেলোয়াড়দের অনুপ্রেরণা জুগিয়েছেন জেলা ক্রীড়া অফিসার মো. আসাদুজ্জামান। গত সোমবার বিকেলে তিনি এ মাঠে অনুশীলনরত খেলোয়াড়দের বিভিন্ন পরামর্শ প্রদান করেন এবং নতুন কুঁড়ি স্পোর্টস সাতাশ-আটাশ এর জন্য দশ থেকে চৌদ্দ বছর বয়সী ছাত্র-ছাত্রীদের অনলাইনে রেজিস্ট্রেশনের আহ্বান জানান। তিনি নিয়মিত ক্রীড়া চর্চার মাধ্যমে নিজেকে মাদক ও অন্যায় কাজ থেকে দূরে রাখার ওপর গুরুত্বারোপ করে বলেন, নিয়মিত চর্চা মেধার মান উন্নয়ন করে।
অলস মস্তিষ্ক বিভিন্ন খারাপ কাজে ধাবিত করে। এ সময় বিরল প্রেস ক্লাবের সভাপতি ও উপজেলা ক্রীড়া সংস্থার অন্যতম সদস্য আতিউর রহমান, কোচ ও রেফারি আহসান হাবিব আপেল, উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক খেলোয়াড় লাবু, বর্তমান গোলরক্ষক হারুনুর রশিদ, খেলোয়াড় বিজয় চন্দ্র, আবু মুসা, আবু বক্কর সিদ্দিক আরশসহ অন্যান্য খেলোয়াড়েরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ক্রীড়া পরিদপ্তর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে নতুন কুঁড়ি স্পোর্টস সাতাশ-আটাশ এর জন্য দশ থেকে চৌদ্দ বছর বয়সী ছাত্র-ছাত্রীদের ক্রিকেট, ফুটবল, কাবাডি, মার্শাল আর্ট, অ্যাথলেটিক্স, দাবা, ভলিবল, সাঁতার, ব্যাডমিন্টন ও টেবিল টেনিস দশটি ইভেন্টে রেজিস্ট্রেশনপূর্বক অংশগ্রহণের একত্রিশ আগস্ট ছাব্বিশ পর্যন্ত শেষ সুযোগ। তাই এলাকার ক্রীড়ানৈপুণ্য প্রদর্শনকারী সংশ্লিষ্ট দশ থেকে চৌদ্দ বছর বয়সী ছাত্র-ছাত্রীকে আজই রেজিস্ট্রেশন করে অংশগ্রহণে সহযোগিতা করার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়।
অনলাইন রেজিস্ট্রেশনের জন্য শিক্ষার্থীর অনলাইন ভেরিফাইড জন্মনিবন্ধন সনদ, শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের প্রত্যয়নপত্র, ষষ্ঠ বা অষ্টম শ্রেণির ভর্তি, রেজিস্ট্রেশন কার্ড বা প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণি পর্যন্ত অধ্যয়নরত শিক্ষার্থীদের ক্ষেত্রে পূর্ববর্তী বছরের বার্ষিক পরীক্ষার ফলাফলের সত্যায়িত কপি, স্কুলের প্রধান শিক্ষক কর্তৃক বর্তমান শ্রেণির সত্যায়িত টট লিস্টের কপি এবং সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবিসহ নিজের স্মার্টফোন থেকে অথবা নিকটস্থ অনলাইন সেবাদানকারী প্রতিষ্ঠানে কিংবা বিরল উপজেলা যুব উন্নয়ন অফিসারের কার্যালয়ে এসে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। একজন ছাত্র-ছাত্রী সর্বোচ্চ দুটি খেলায় অংশ নিতে পারবে। রেজিস্ট্রেশনের জন্য সংশ্লিষ্ট সরকারি পোর্টালে ভিজিট করতে হবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন