বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

বীরগঞ্জে হিফজুল কোরআন শিক্ষকদের বিশেষ প্রশিক্ষণ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

সেপ্টেম্বর ৬, ২০২৬, ০৮:৫৭ পিএম

বীরগঞ্জে হিফজুল কোরআন শিক্ষকদের বিশেষ প্রশিক্ষণ অনুষ্ঠিত

ছবি: দিনাজপুর টিভি নিজস্ব প্রতিবেদক

দিনাজপুরের বীরগঞ্জে হিফজুল কোরআন ও নাজেরা বিভাগের শিক্ষকদের পেশাগত পাঠদানের মান উন্নয়নের লক্ষ্যে দিনব্যাপী এক বিশেষ প্রশিক্ষণ ও তরবিয়াতি আলোচনা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল নয়টা থেকে হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ রংপুর বিভাগ জোন-দুই-এর তত্ত্বাবধানে এবং দিনাজপুর জেলা ও বীরগঞ্জ থানা কমিটির যৌথ উদ্যোগে গোলাপগঞ্জ রহমানিয়া মদিনাতুল উলুম আবাসিক হাফিজিয়া নূরানী মাদ্রাসায় এ আয়োজন সম্পন্ন হয়। অনুষ্ঠানে আঞ্চলিক প্রতিনিধি ও শিক্ষকরা সক্রিয়ভাবে অংশ নেন।

দিনব্যাপী এই প্রশিক্ষণে শিক্ষকদের পাঠদান পদ্ধতির আধুনিকায়ন নিয়ে বিস্তারিত ক্লাস নেওয়া হয়। প্রশিক্ষণ পর্বে সরাসরি দিকনির্দেশনামূলক ক্লাস পরিচালনা করেন হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ রংপুর বিভাগ জোন-দুই-এর সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা ক্বারী আব্দুল হাকিম। তরবিয়াতি আলোচনায় অংশ নেন সংগঠনের বীরগঞ্জ শাখার উপদেষ্টা হাফেজ মাওলানা ক্বারী ইব্রাহিম খলিল, সাধারণ সম্পাদক হযরত মাওলানা মোস্তাফিজুর রহমান এবং গোলাপগঞ্জ রহমানিয়া মদিনাতুল উলুম আবাসিক হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম হাফেজ ক্বারী মোহাম্মদ শহিদুল ইসলাম। বক্তারা শিক্ষার্থীদের বিশুদ্ধ তিলাওয়াত ও নৈতিক চরিত্র গঠনে শিক্ষকদের ভূমিকার ওপর গুরুত্ব দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন খানসামা শাখার উপদেষ্টা মাওলানা আব্দুর রহিম, সভাপতি হাফেজ মাওলানা সাদিকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হযরত মাওলানা মেহেদী হাসান। একই সাথে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনাজপুর টিভি ডট কম-এর ব্যবস্থাপনা পরিচালক শাহিন ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রশিক্ষণ পর্বের শেষে সারাদেশের সকল দ্বীনি মাদ্রাসার শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ এবং দেশবাসীর সার্বিক কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।