বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬,

বিরলে শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ

মো: মামুনুর রশিদ

সেপ্টেম্বর ৭, ২০২৬, ১০:২২ পিএম

বিরলে শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ

ছবি: দিনাজপুর টিভি নিজস্ব প্রতিবেদক

দিনাজপুরের বিরল উপজেলার রঘুপুর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি, প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এই বর্বরোচিত ঘটনার প্রতিবাদে এবং দোষীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে রাজপথে নেমে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে বিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। সোমবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে কাঞ্চন বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় ও সড়ক প্রদক্ষিণ করে এই প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়।

মিছিল শেষে বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা। সেখানে প্রায় এক ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে শিক্ষার্থীরা তীব্র ক্ষোভ প্রকাশ করে জানায় যে শিক্ষাঙ্গনের পবিত্রতা নষ্ট করে শিক্ষক ও পরিচালনা পর্ষদের ওপর প্রকাশ্যে হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অবিলম্বে চিহ্নিত হামলাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না করা হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেয় তারা। 

শিক্ষার্থীদের এই ন্যায়সংগত দাবির সাথে পূর্ণ সংহতি প্রকাশ করেছেন বিদ্যালয়টির প্রধান শিক্ষক মো. মমিন উদ্দীন। তিনি জানান যে প্রতিষ্ঠানের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত করতে পরিকল্পিতভাবে এই বর্বরোচিত ঘটনা ঘটানো হয়েছে। ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন বিদ্যালয়ের অভিভাবক ও এলাকার সাধারণ মানুষ।

শিক্ষা প্রতিষ্ঠানে ঢুকে শিক্ষকদের শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনায় পুরো কাঞ্চন বাজার এলাকায় থমথমে অবস্থা তৈরি হয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ও এলাকার শান্তি বজায় রাখতে স্থানীয় থানা পুলিশ তৎপর রয়েছে এবং নিয়মিত নজরদারি জোরদার করেছে।