শনিবার, ২১ নভেম্বর, ২০২৬,

দিনাজপুর পুলিশ লাইন্স পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ১০, ২০২৬, ১১:৫২ পিএম

দিনাজপুর পুলিশ লাইন্স পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ

দিনাজপুর জেলা পুলিশের উদ্যোগে পুলিশ লাইন্স পুকুরে বিভিন্ন জাতের মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) পুলিশ লাইন্স চত্বরে আয়োজিত এই কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাছের পোনা অবমুক্ত করেন দিনাজপুর জেলার পুলিশ সুপার মো. জেদান আল মুসা, পিপিএম। এ সময় মৎস্যসম্পদ বৃদ্ধি ও প্রাতিষ্ঠানিক পুকুরের সুষম ব্যবহারের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

পরিবেশবান্ধব এই কার্যক্রমে জেলা মৎস্য বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তারা অংশ নেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মো. তারিফুর রহমান সরকার। অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালিত হয়। মৎস্যসম্পদ সংরক্ষণ ও উৎপাদনের গুরুত্ব তুলে ধরে আমন্ত্রিত অতিথিরা সংক্ষিপ্ত মতামত ব্যক্ত করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আব্দুল হালিম, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারগণ, পুলিশ লাইন্সের আরওআইসহ জেলা পুলিশের বিভিন্ন স্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ। পুলিশ লাইন্সের পুকুরগুলোর উৎপাদনশীলতা বৃদ্ধির লক্ষে নিয়মিত এই ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানানো হয়।