সেপ্টেম্বর ১৪, ২০২৬, ০৮:৫৭ পিএম
দিনাজপুরের চিরিরবন্দরে বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে গাঁজাসহ দুই ব্যক্তিকে হাতেনাতে আটক করার পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। রোববার দুপুরে উপজেলার ৯ নম্বর ভিয়াইল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের নানিয়াটিকর বাজারের পাকা সড়কে এই অভিযান চালানো হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ঘটনাস্থলেই আদালত বসিয়ে এই দণ্ডাদেশ কার্যকর করা হয়।
আটককৃতদের কাছ থেকে মোট ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। চিরিরবন্দর থানার উপপরিদর্শক মো. আইয়ুব হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল নানিয়াটিকর বাজার এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় মাদক নিজের দখলে রাখা এবং সেবনরত অবস্থায় নানিয়াটিকর এলাকার রমণীকান্ত রায়ের ছেলে দুলাল চন্দ্র রায় এবং একই এলাকার কোণপাড়ার মৃত হরেন্দ্রনাথ রায়ের ছেলে জিতু কুমার রায়কে আটক করা হয়। তাঁদের প্রত্যেকের কাছ থেকে ৫০ গ্রাম করে মোট ১০০ গ্রাম অবৈধ গাঁজা জব্দ করে পুলিশ।
পরে চিরিরবন্দর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহানা আফরোজ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত সাক্ষ্য-প্রমাণ শেষে আটক দুলাল চন্দ্র রায় ও জিতু কুমার রায়কে এক বছর করে সশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে দুই হাজার ৫০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন। অভিযান চলাকালে চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ পুলিশের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন