শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬,

বজ্রপাতের ঝুঁকি কমাতে কৃষক সচেতনতা ও তালগাছ রোপণ

মো: মামুনুর রশিদ

সেপ্টেম্বর ১৫, ২০২৬, ০২:৪৩ পিএম

বজ্রপাতের ঝুঁকি কমাতে কৃষক সচেতনতা ও তালগাছ রোপণ

ছবি: দিনাজপুর টিভি

বজ্রপাত রোধে এবং গ্রামীণ পরিবেশের ভারসাম্য রক্ষায় দিনাজপুরে তালগাছের চারা রোপণ কর্মসূচি পালন করা হয়েছে। স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসির ক্রপ কেয়ার ডিভিশনের উদ্যোগে এই সামাজিক ও পরিবেশবান্ধব কার্যক্রম বাস্তবায়ন করা হয়। মঙ্গলবার গ্রামীণ সড়কের দুই পাশে মোট ২০০টি তালগাছের চারা রোপণ করা হয়। দিনাজপুর সদর উপজেলার ৩ নম্বর ফাজিলপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব হরিরামপুর বসাকপাড়া-বুড়িরহাট সংযোগ সড়কে এই বৃক্ষরোপণ অনুষ্ঠিত হয়।

আয়োজকরা জানান, সাম্প্রতিক বছরগুলোতে জলবায়ু পরিবর্তনের প্রভাবে বজ্রপাত এক নীরব আতঙ্ক হয়ে দেখা দিয়েছে, যার প্রধান শিকার হচ্ছেন খোলা মাঠে কর্মরত প্রান্তিক কৃষকরা। দীর্ঘজীবী ও সুউচ্চ বৃক্ষ হিসেবে তালগাছ প্রকৃতিতে বজ্রপাতের তীব্রতা শুষে নিতে সহায়ক ভূমিকা পালন করে। এই বাস্তবতা বিবেচনায় নিয়ে এর আগে পাবনার চাটমোহর উপজেলায় ৫০০টি তালের চারা লাগিয়ে এই জাতীয় কর্মসূচির সূচনা করেছিল প্রতিষ্ঠানটি, যার ধারাবাহিকতায় এবার দিনাজপুরের ঝুঁকিপূর্ণ এলাকাকে বেছে নেওয়া হয়েছে।

চারা রোপণের পাশাপাশি মাঠে কাজ করা কৃষকদের নিয়ে একটি সচেতনতামূলক আলোচনা সভাও আয়োজিত হয়। সভায় কৃষি কর্মকর্তারা বজ্রপাতের পূর্বলক্ষণ দেখা দিলে খোলা মাঠ পরিহার করা, নিরাপদ পাকা আশ্রয়ে অবস্থান নেওয়া এবং ঝুঁকিপূর্ণ সময়ে করণীয় বিষয়ে কৃষকদের সতর্কতামূলক পরামর্শ দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনাজপুর সদর উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুরভি আক্তার, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আবু বকর সিদ্দিক, উপসহকারী কৃষি কর্মকর্তা মো. আবু বোরহান এবং স্থানীয় ৮ নম্বর ওয়ার্ডের ইউনিয়ন পরিষদ সদস্য মো. সিরাজুল ইসলাম।

প্রতিষ্ঠানের পক্ষ থেকে উপস্থিত ছিলেন জোনাল সেলস ম্যানেজার কৃষিবিদ আসাদুল্লাহ আরমান আলী, প্রধান কার্যালয়ের এক্সিকিউটিভ সেলস তাওহীদ মো. ফয়সালুল বারী, ফিল্ড ম্যানেজার নুর আলম সাগর এবং এসডিও আব্দুল্লাহ আল হাসিব ইমনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। পর্যায়ক্রমে দেশের অন্যান্য বজ্রপাতপ্রবণ অঞ্চলেও এই কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছে আয়োজক সংস্থা।