অলিউর রহমান মিরাজ
অক্টোবর ৬, ২০২৫, ০৪:১২ পিএম
ছবি- দিনাজপুর টিভি
পরিবারকে খুশি করতে ও নিজের দীর্ঘদিনের স্বপ্ন পূরণের লক্ষ্যে হেলিকপ্টারে চড়ে নিজ গ্রামে ফিরেছেন দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার লন্ডন প্রবাসী যুবক হুমায়ন আহমেদ। সোমবার (৬ অক্টোবর) দুপুর ২টার দিকে তিনি নবাবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অবতরণ করলে তাকে দেখতে শত শত উৎসুক জনতা ভিড় জমায়।
এসময় পরিবারের সদস্য ও গ্রামবাসী তাকে ফুল দিয়ে বরণ করে নেন। হুমায়ন আহমেদ উপজেলার জগন্নাথপুর গ্রামের আব্দুল হাকিমের ছেলে। জানা যায়, সোমবার সকালে লন্ডন থেকে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন হুমায়ন।
সেখান থেকে হেলিকপ্টারে করে সরাসরি নিজ এলাকায় পৌঁছান তিনি। দীর্ঘ কয়েক বছর ধরে লন্ডনে ব্যবসার সাথে জড়িত হুমায়ন আহমেদ এর আগেও কয়েকবার বাড়ি এসেছেন, তবে হেলিকপ্টারে চড়ে গ্রামে ফেরা ছিল তার বহুদিনের শখ। স্বপ্ন পূরণের এই মুহূর্তকে ঘিরে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। প্রবাসী হুমায়ন আহমেদ জানান, তার মা-বাবাকে খুশি করতে, নিজের শখ মেটাতে এবং গ্রামবাসীর মাঝে আনন্দ ছড়িয়ে দিতেই এই ব্যতিক্রমী আয়োজন।
তিনি ভবিষ্যতেও এলাকার মানুষের পাশে থেকে সার্বিক সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন এবং সকলের কাছে দোয়া চান।