রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,
জুলাই সনদ

পিআর পদ্ধতি ও জুলাই সনদের দাবিতে দিনাজপুরে জামায়াতের স্মারকলিপি

মোঃ মোমিনুল ইসলাম,

অক্টোবর ১২, ২০২৫, ০৪:১৩ পিএম

পিআর পদ্ধতি ও জুলাই সনদের দাবিতে দিনাজপুরে জামায়াতের স্মারকলিপি

ছবি-দিনাজপুর টিভি

জাতীয় নির্বাচনে আনুপাতিক প্রতিনিধিত্ব (পি.আর) পদ্ধতির বাস্তবায়ন এবং জুলাই সনদের আইনী ভিত্তি প্রদানসহ কেন্দ্র ঘোষিত ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছে।

রবিবার (১২ অক্টোবর) দুপুরে জামায়াতে ইসলামীর দিনাজপুর জেলা নেতৃবৃন্দ একটি প্রতিনিধি দলের মাধ্যমে জেলা প্রশাসক কার্যালয়ে এই স্মারকলিপি জমা দেন। স্মারকলিপি প্রদান উপলক্ষে দিনাজপুর ইনস্টিটিউট প্রাঙ্গণ থেকে একটি মিছিল বের করে কয়েক হাজার নেতাকর্মী জেলা প্রশাসকের কার্যালয়ে আসেন।

দিনাজপুর জেলা প্রশাসক মো. রফিকুল ইসলামের কাছে প্রধান উপদেষ্টা বরাবর লেখা স্মারকলিপিটি প্রদান করা হয়।

১. আনুপাতিক প্রতিনিধিত্ব (পি.আর) পদ্ধতির প্রবর্তন: জামায়াত এই পদ্ধতির মাধ্যমে প্রতিটি দলের প্রাপ্ত ভোটের হারের ওপর ভিত্তি করে আসন বণ্টনের দাবি জানিয়েছে। তাদের মতে, এটি চালু হলে নির্বাচনে সকল দলের প্রকৃত জনপ্রিয়তার প্রতিফলন ঘটবে এবং প্রতিটি ভোটের মূল্যায়ন হবে। তারা বলেন, বর্তমান 'একতরফা' নির্বাচনী ব্যবস্থার কারণে রাজনৈতিক স্থিতিশীলতা ব্যাহত হচ্ছে এবং পি.আর পদ্ধতি দেশে একটি সুস্থ গণতান্ত্রিক সংস্কৃতির বিকাশ ঘটাবে।

২. জুলাই সনদের আইনী ভিত্তি প্রদান: জামায়াত মনে করে, জাতির চলমান রাজনৈতিক সংকট নিরসনে একটি জাতীয় ঐকমত্যের রূপরেখা হিসেবে আলোচিত 'জুলাই সনদ'-এর আইনগত ভিত্তি প্রদান করা জরুরি। এই সনদের ভিত্তিতে একটি নিরপেক্ষ জাতীয় সরকার গঠন করা হলে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হবে।

৩. অন্যান্য দাবি: এছাড়া সুষ্ঠু নির্বাচনী পরিবেশ তৈরি এবং গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করার লক্ষ্যে কেন্দ্র ঘোষিত আরও তিনটি দাবি স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে।

স্মারকলিপি প্রদানকালে জামায়াতের স্থানীয় নেতৃবৃন্দ বলেন, তাদের উত্থাপিত ৫ দফা দাবি দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে একটি অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা আশা করেন, সরকার এই দাবিগুলো গুরুত্বের সাথে বিবেচনা করে পদক্ষেপ নেবে।

এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা আমীর অধ্যক্ষ আনিসুর রহমান, শহর আমীর সিরাজুস সালেহিন, শহর সেক্রেটারি কামরুল হাসান রাসেল, সদর তিন আসনের এমপি প্রার্থী মাইনুল আলম ইসলাম, চেয়ারম্যান প্রার্থী মজিবর রহমান, খানসামা ও চিরিরবন্দর আসনের প্রার্থী আফতাব উদ্দিন মোল্লাসহ জেলা ও শহর জামায়াতের ১৩ উপজেলার নেতৃবৃন্দ।