রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

কাহারোলে ভেড়া পালনে স্বাবলম্বী ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর পরিবার

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ৫, ২০২৫, ০৯:০৭ পিএম

কাহারোলে ভেড়া পালনে স্বাবলম্বী ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর পরিবার

ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরের কাহারোলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীভুক্ত দুইটি পরিবারসহ অনেকেই ভেড়া পালন করে স্বাবলম্বী হয়ে উঠেছেন। উপজেলার রসুলপুর ইউনিয়নের তরলা আদিবাসী পাড়া গ্রামের বাপই বাস্কে ও দুর্গা বাস্কে—এই দুই পরিবার ভেড়া পালন করে নিজেদের এবং পরিবারের মাঝে সফলতা দেখছেন।বাপই বাস্কে ও দুর্গা বাস্কে উভয়ই জানান, তারা গত ২০২৩ সালের ৮ মে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর থেকে প্রশিক্ষণ গ্রহণ শেষে সরকারিভাবে দুইটি করে ভেড়া, একটি ঘর ও ভেড়ার খাদ্য পেয়েছিলেন।

ভেড়াগুলো যত্ন সহকারে লালন-পালন করে বর্তমানে দুইটি ভেড়া থেকে এখন পর্যন্ত তাদের মোট ৮টি ভেড়া রয়েছে।তারা জানান, তাদের সংসারে নিত্যদিনই অভাব-অনটন লেগে থাকত। ভেড়া পালনের পাশাপাশি তারা অন্যের বাড়িতে দিনমজুর হিসেবে কাজ করেও কষ্ট করে সংসার পরিচালনা করে আসছেন। ইতিমধ্যে তারা দুইটি করে ভেড়া প্রতিটি ৫ হাজার টাকা দরে বাজারে বিক্রি করেছেন।

এই টাকা দিয়ে ছেলে-মেয়েদের লেখাপড়ার খরচ ও সংসারের ব্যয় মিটিয়েছেন। ভেড়া পালন করে তারা এখন পূর্বের চেয়ে ভালোভাবে সংসার পরিচালনা করতে পারছেন। বর্তমানে তাদের ছেলে-মেয়েরা ভেড়া বিক্রির টাকায় লেখাপড়া করছে।উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মো. আবু সরফরাজ হোসেন জানান, বিতরণকৃত ভেড়াগুলো সমতল ভূমিতে বসবাসরত অগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় দেওয়া হয়েছে। এই প্রকল্পের আওতায় উপজেলার ৬টি ইউনিয়নের ১৩৯টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের মাঝে ভেড়া বিতরণ করা হয়।

তিনি জানান, বাপই বাস্কে ও দুর্গা বাস্কে’র মতো অনেকেই ভেড়া পালন করে সফলতা পেয়েছেন। উপজেলা প্রাণিসম্পদ বিভাগ থেকে ভেড়াগুলোর যাবতীয় ভ্যাকসিন ও চিকিৎসা সহায়তা প্রতিনিয়ত প্রদান করা হচ্ছে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, এই উপজেলায় ভেড়া পালনের ক্ষেত্রে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সুফল ভোগীরা অন্যান্য উপজেলার চেয়ে অনেক বেশি সফলতা দেখছেন। সরকারের এরূপ মহতী উদ্যোগ আরও সম্প্রসারিত হোক।